ফের ৪৮ ঘণ্টার মধ্যে হাতির হানায় মৃত্যু এক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হরিচরণডাঙায়। গতকাল মাঝরাতে হঠাত্ই শৌচকর্মে যেতে হয় বছর চব্বিশের মামনি ঘোড়ুইকে। তখনই হাতির নজরে পড়ে যান তিনি। পিছন থেকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মামনির।
পরিবার সূত্রে খবর, গতকাল গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচকর্ম করতে বাড়ির বাইরে যান হরিচরণডাঙা গ্রামের বছর চব্বিশের তরুণী মামনি। মামনি বাড়ির পিছনে জঙ্গলে গিয়েছিলেন। মধ্যরাতে চারটি হাতি জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ায় একটি হাতি মামনির উপর হামলা চালায়। হাতিটি শুঁড়ে করে মামনিকে তুলে আছাড় মেরে প্রায় ত্রিশ ফুট দেহটি টেনে নিয়ে যায় হাতিটি। হাতিদের গোঙানির শব্দ শুনে গ্রামবাসীরা এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে বেরিয়ে এলে হাতিরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
এরপর গ্রামবাসীরা আহত মামনিকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মামনিকে মৃত বলে ঘোষণা করে। এক মহিলা বলেন, “আমাদের তো রাতবিরেতে প্রয়োজনে অনেক সময়েই বেরোতে হয়। কীভাবে বুঝব এমনটা হবে? রাতে কেন, দিনের বেলাতেই হাতি মেরে ফেলছে। আমাদের অবস্থা মারাত্মক। বনদফতরকে একাধিকবার জানানো হয়েছে।”
বন দফতর সূত্রে খবর, “ওই চারটি হাতি তাদের রেসিডেন্সিয়াল এলাকা ছেড়ে বেরিয়ে এসেছে। তাদের জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।” এদিকে এইভাবে হাতির হানায় একের পর এক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।







