শিক্ষা

পিএইচডি ভর্তিতে বড় বদল! আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষায় নয়, গবেষণার সুযোগ পেতে লাগবে NET-GATE

পিএইচডি-তে ভর্তি নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে পশ্চিমবঙ্গ। গবেষণায় ছাত্রছাত্রী বাছাইয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব প্রবেশিকা পরীক্ষার উপর আর নির্ভর করা যাবে না। স্বজনপোষণ ও পক্ষপাতিত্বের অভিযোগে লাগাম টানতেই এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর।

রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে জাতীয় স্তরের যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষাকে গুরুত্ব দিতে হবে। গবেষণায় প্রবেশের জন্য NET, GATE-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে অন্যতম প্রধান যোগ্যতা হিসেবে ধরা হবে।

কেন বদলানো হল নিয়ম?

এতদিন বহু বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে গবেষণার জন্য প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষা এবং পরবর্তী বাছাই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। অভিযোগ ছিল, যোগ্যতার পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগ বা অধ্যাপকদের ঘনিষ্ঠতার বিষয়টিও কখনও কখনও প্রভাব ফেলত।

নতুন ব্যবস্থায় সেই সুযোগ অনেকটাই কমবে বলে মনে করছে উচ্চ শিক্ষা মহল। জাতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হলে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং মেধার ভিত্তিতে গবেষণার সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের।

মূলত বিশ্ববিদ্যালয়-ভিত্তিক প্রবেশিকা ব্যবস্থার বদলে ইউজিসির নির্ধারিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। ২০২২ সালেই পিএইচডি ভর্তি প্রক্রিয়ায় জাতীয় স্তরের পরীক্ষাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করেছিল ইউজিসি।

স্বাগত শিক্ষাবিদদের একাংশের

রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদদের একাংশ। তাঁদের মতে, পিএইচডি ভর্তিতে স্বচ্ছতা বাড়লে গবেষণার মানও উন্নত হবে। ছাত্র সংগঠন এবিভিপিও এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ বলে দাবি করেছে।

তবে নতুন নিয়ম ঘিরে কিছু প্রশ্নও তৈরি হয়েছে। কারণ, এমন কয়েকটি বিষয় রয়েছে যেখানে সরাসরি NET বা GATE পরীক্ষা হয় না। ফুড টেকনোলজি, ফিল্ম স্টাডিজের মতো বিষয়গুলিতে গবেষক বাছাইয়ের পদ্ধতি কী হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ফলে পিএইচডি ভর্তিতে নতুন নিয়ম চালুর ঘোষণা হলেও, সব বিষয়ের ক্ষেত্রে কীভাবে এই ব্যবস্থা কার্যকর হবে, এখন নজর সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.