হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক ‘শোলে’ এবার দর্শকদের সামনে হাজির হচ্ছে তার আসল এবং অবিকৃত রূপে। পরিচালক রমেশ সিপ্পির ১৯৭৫ সালের কালজয়ী এই সিনেমা মুক্তির সময় সেন্সরের কাঁচির শিকার হয়েছিল। তবে মুক্তির ৫০ বছর পূর্তিতে এবার দেখা যাবে সেই মূল সংস্করণ, যা এতদিন দর্শকদের অজানা ছিল। সম্প্রতি সম্পন্ন হয়েছে ছবিটির পূর্ণাঙ্গ ডিজিটাল পুনরুদ্ধার। বাদ পড়া সংলাপ, কাটা দৃশ্য এবং পরিবর্তিত সমাপ্তি, সবই আবার যুক্ত হয়েছে ছবির সঙ্গে।
তবে এই নতুন সংস্করণের প্রথম প্রদর্শনী হবে দেশের বাইরে, ইতালির বোলোনিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইল চিনেমা রিত্রোভাটো’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে জরুরি অবস্থার ছায়ায়, সেন্সর বোর্ড ছবিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দিতে বাধ্য করে। মূল ছবিতে গব্বর সিংয়ের মৃত্যু ছিল অনেক বেশি প্রতিশোধপরায়ণ, যেখানে ঠাকুর তাঁর উপর নির্মমভাবে প্রতিশোধ নেন। কিন্তু আইন নিজের হাতে নেওয়ার অব্যবস্থা দেখানো যাবে না এই যুক্তিতে সেই দৃশ্য বাদ পড়ে। ফলে পরিচালককে নতুন করে শুট করতে হয় শেষ অংশ, যেখানে গব্বরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রায় হারিয়ে যাওয়া সেই দৃশ্যগুলি পুনরুদ্ধারের উদ্যোগ নেন পরিচালক রমেশ সিপ্পির পুত্র শাহজাদ সিপ্পি। ২০২২ সালে তিনি ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সহায়তায় ছবির আসল রূপ ফিরিয়ে আনেন। প্রতিষ্ঠানটির প্রধান শিবেন্দ্র সিং দুঙ্গারপুর জানান,”এটাই শোলে-র সবচেয়ে সম্পূর্ণ ও ইতিহাসসম্মত সংস্করণ।” সিনেপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে এক আবেগঘন প্রত্যাবর্তন।







