মুর্শিদাবাদ সীমান্তে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে সুতি থানার নুরপুর বিওপি এলাকায় টহলদারি ডিউটিতে থাকা এক বিএসএফ কনস্টেবলকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বাংলাদেশ সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ জেলার পাতলাটোলা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি রাখাল বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। বিএসএফ জওয়ান তাঁদের বাধা দিতে গেলে, তাঁকে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র ছিনতাই করে বাংলাদেশ সীমান্তের দিকে পালিয়ে যায় তারা।
বিএসএফ জওয়ান অস্ত্র ফেরত পেতে তাঁদের পিছু নেন এবং কিছুটা বাংলাদেশি এলাকায় প্রবেশ করেন। অভিযোগ, সেখানেই স্থানীয়রা তাঁকে ধরে কলা বাগানে বেঁধে রাখে। ঘটনার ভিডিও ইতিমধ্যে বাংলাদেশের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা এখনও নিশ্চিত নয়।
ঘটনার খবর পাওয়ার পর বিএসএফ কর্তৃপক্ষ দ্রুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে যোগাযোগ করে। শুরু হয় দীর্ঘ ফ্ল্যাগ মিটিং। অবশেষে দুপুর দু’টো নাগাদ ওই বিএসএফ কনস্টেবলকে ফিরিয়ে দেওয়া হয়। তবে তাঁর ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
সীমান্তে এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। কেন্দ্রীয় স্তরে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তে নেমেছে বিএসএফ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা।







