সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, ’সোনাকে ছাই বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের রায় বাংলার শিল্প-ক্ষতের উপর নুনের ছিটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খিদের মাশুল দিতে হচ্ছে রাজ্যকে। রাজ্যের অর্থনীতিকে অনন্ত অন্ধকারের গুহায় ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থপরতা।’
উল্লেখ্য, সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা বন্ধ করে দেওয়ার দরুন টাটা মোটরস সংস্থাকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। গতকাল অর্থাৎ সোমবার এই রায় দেয় তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। পাশাপাশি, ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে সুদও দিতে হবে।
টাটা মোটরসের পক্ষ থেকে জানানো হয়, ‘সিঙ্গুরে অটোমোবাইল উৎপাদন কারখানা মামলায় তিন সদস্যের ট্রাইবুনালের রায় টাটা মোটরসের পক্ষে গিয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ৭৬৫ কোটি টাকা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ক্ষতিপূরণের টাকা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।’







