সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘটিত স্বল্পস্থায়ী সংঘর্ষ বিশ্বব্যাপী নতুন এক বাস্তবতা উন্মোচন করেছে। ভারতের কৌশলগত ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, যা বিশেষত ‘অপারেশন সিঁদুর’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে সুস্পষ্ট হয়ে ওঠে। মাত্র তিন ঘণ্টার এই অভিযানে পাকিস্তানের ১১টি সামরিক স্থাপনা ধ্বংস করা ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্য।
এই অভিযানে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্র ও লঞ্চপ্যাড চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হয়। ভারতের এই প্রত্যাঘাত শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকেনি, বরং কূটনৈতিক পরিসরেও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।
এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রাক্তন আধিকারিক এবং আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন মন্তব্য করেছেন, “ভারত দ্বিমুখীভাবে—সামরিক ও কূটনৈতিক—জয়লাভ করেছে।” তাঁর মতে, এই সংঘর্ষের পর আন্তর্জাতিক দৃষ্টি এখন পাকিস্তানের জঙ্গি-সম্পৃক্ততার দিকেই কেন্দ্রীভূত।
বিশ্ব সম্প্রদায় যখন জঙ্গিদের জানাজায় পাক সেনার উপস্থিতির ছবি প্রত্যক্ষ করেছে, তখন তা পাকিস্তানের রাষ্ট্রীয় মদতের প্রমাণ হিসেবেই প্রতিভাত হয়েছে। এতে ভারতের দীর্ঘদিনের অভিযোগ যে, পাকিস্তান তার ভূখণ্ডকে সন্ত্রাসবাদ রপ্তানির জন্য ব্যবহার করে, তা নতুন করে প্রতিষ্ঠিত হয়।
এই পরিপ্রেক্ষিতে ভারত যে শুধু সুরক্ষা বলয়ে উন্নয়ন ঘটিয়েছে তা নয়, বরং আলোচনার প্রেক্ষাপটকেও আমূল বদলে দিয়েছে। পাকিস্তানের জন্য এটি এক কূটনৈতিক ধাক্কা, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে বাধ্য।







