আন্তর্জাতিক সাহিত্য মহলে এক অনন্য নজির গড়লেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। তাঁর ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য তিনি সম্মানিত হলেন বুকার প্রাইজে। এই প্রথমবার কোনও কন্নড় লেখিকা এবং কোনও ছোটগল্প সংকলন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার জিতল। পাশাপাশি বইটির ইংরেজি অনুবাদের জন্য দীপা ভাসতিও যৌথভাবে পুরস্কৃত হয়েছেন।
পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা) দেওয়া হয়, যা লেখিকা ও অনুবাদকের মধ্যে সমান ভাগে বিভক্ত হবে। লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘হার্ট ল্যাম্প’ সংকলনে রয়েছে মোট বারোটি গল্প। তিরিশ বছরেরও বেশি সময় ধরে লেখা এই গল্পগুলির মূল বিষয় দক্ষিণ ভারতের মহিলাদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও লড়াই। সমাজ, ধর্ম ও রাজনীতির চাপে নারীরা কীভাবে প্রশ্নহীন আনুগত্যে বাধ্য হন এবং কীভাবে তাঁদের প্রতি নিষ্ঠুরতা চলে, তাই তুলে ধরা হয়েছে লেখাগুলিতে।
পেশায় আইনজীবী হলেও বানু একজন সমাজকর্মী ও সাহিত্যপ্রেমীও। পুরস্কারপ্রাপ্তির পর তিনি বলেন,”সাহিত্যই পারে আমাদের সকলকে বেঁধে রাখতে। একে অপরের মনের ভিতরকার শূন্যস্থানগুলিকে পূর্ণ করতে পারে।” ২০১৬ সালের পর দীপা ভাসতিই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই সম্মান পেলেন। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ভারতীয় সাহিত্য জগতে যুক্ত হল আরও এক গৌরবময় অধ্যায়।







