রাজনীতি

‘আমি সন্ন্যাসী নই’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার, অন্নপূর্ণা-যাদবপুর নিয়েও সরব

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকে আর সাংবাদিক বৈঠকে দেখা যাচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটের বাড়ির বাইরে বেরিয়ে একাধিকবার বিক্ষোভের মুখেও পড়েছেন তিনি। ফলে বর্তমানে কোনও রাজনৈতিক বার্তা দিতে হলে মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সরব হচ্ছেন মমতা। সোমবার ফেসবুক লাইভে এসে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, “আমি সন্ন্যাসী নই।” কেন এমন মন্তব্য, তার ব্যাখ্যাও দেন তিনি।

তৃণমূলের বিভিন্ন সভা, মিছিল ও কর্মসূচির জন্য প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, “কোথাও মিটিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না। হোটেল ভাড়া করলে হোটেল মালিককেও ভয় দেখানো হচ্ছে।” এই প্রসঙ্গেই তিনি বলেন, বিজেপি যদি মনে করে মিটিংয়ের অনুমতি না দিলেই তিনি সন্ন্যাস নেবেন, তাহলে তারা ভুল ভাবছে। মমতার কথায়, “আমি সন্ন্যাসী নই।” একইসঙ্গে সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা সত্যিকারের সন্ন্যাসী, তাঁরা অনেক বড় সাধক। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি।”

এরপরই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না।” তাঁর অভিযোগ, বিজেপির শাসনে মাত্র চার মাসের মধ্যেই মানুষ পরিস্থিতি বুঝে গিয়েছেন। তাঁকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়েও এদিন সরব হন তৃণমূল নেত্রী। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে কেন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তা নিয়ে পাড়ায় পাড়ায় তালিকা তৈরি করার আহ্বান জানান তিনি। মমতা বলেন, “আপনাদের সঙ্গে আমি রয়েছি।” তাঁর অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত দেওয়া হবে না এবং বেছে বেছে মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনাতেও বিজেপিকে কাঠগড়ায় তোলেন মমতা। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিজেপি তাণ্ডব চালিয়েছে। নিজের সঙ্গে ছাত্রছাত্রীদের মতপার্থক্য থাকলেও তাঁদের কখনও অসম্মান করেননি বলে দাবি করেন তিনি। মমতার কথায়, ছাত্রছাত্রীরা তাঁর বন্ধু এবং তাঁরা যখন অনশনে বসেছিলেন, তখন তিনি নিজে ছুটে গিয়েছিলেন তাঁদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.