মিষ্টিমুখেও এবার চিন্তার ছাপ! গত প্রায় ২০ দিনে প্রতি কেজি চিনির দাম ২০ টাকারও বেশি বেড়েছে। ফলে একদিকে যেমন মধ্যবিত্তের সংসারে বাড়ছে খরচের চাপ, অন্যদিকে তেমনই চিন্তায় পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরাও। দাম বৃদ্ধির জেরে ব্যবসায় মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মিষ্টিজাত পণ্যের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই লাগামছাড়া চিনির দাম এবং সম্ভাব্য মজুতদারি ও কালোবাজারি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নের তরফেও শুরু হচ্ছে বিশেষ অভিযান।
সামনেই উৎসবের মরশুম। অক্টোবরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এরপর পরপর রয়েছে আরও একাধিক উৎসব। আর বাংলার উৎসব মানেই মিষ্টির অবিচ্ছেদ্য উপস্থিতি। মিষ্টি তৈরির অন্যতম প্রধান উপকরণ হওয়ায় চিনির চাহিদাও এই সময়ে বেড়ে যায়। তাই উৎসবের মরশুমে কোনওভাবেই যাতে চিনি মজুত করে কৃত্রিম সংকট বা কালোবাজারি তৈরি করা না যায়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।
এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ নজরদারি চালাতে হবে। প্রয়োজন হলে কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে যৌথভাবেও অভিযান চালানো হবে।
কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়েকের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারী সংস্থা, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মতো বেশি পরিমাণ চিনি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলি একটানা ১৫ দিনের বেশি অথবা ১০ মেট্রিক টনের বেশি চিনি মজুত করতে পারবে না।
শুধু নজরদারি চালিয়েই বিষয়টি শেষ হচ্ছে না। নিয়ম অমান্য করে চিনি মজুত করলে ন্যূনতম তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানারও মুখে পড়তে হতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সরেজমিনে গিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিনির মজুত খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।
উৎসবের আগে চিনির বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বেআইনি মজুতদারি ঠেকাতেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।







