কলকাতারাজ্য

যাদবপুরের অশান্তি ‘পরিকল্পিত’, স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে সরব ABRSM-ABVP-BMS

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত ১৯ অগস্ট থেকে ঘটে চলা একের পর এক অশান্তির ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলে অভিযোগ তুলল জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন এবিআরএসএম, ছাত্র সংগঠন এবিভিপি এবং শ্রমিক সংগঠন বিএমএস। সোমবার এক যৌথ সাংবাদিক বৈঠকে ক্যাম্পাসে লাগাতার বিশৃঙ্খলা ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানানো হয়। পাশাপাশি, ওই দিনের সিসিটিভি ফুটেজ বিকৃতি এবং তা নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের গ্রেফতারির দাবিও ওঠে।

সাংবাদিক বৈঠকে এবিআরএসএম-এর প্রতিনিধি অধ্যাপক ভাস্কর সর্দার প্রশ্ন তোলেন, ১৯ অগস্ট সকাল সাড়ে ৯টার সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ম উপেক্ষা করে কারা জিবি বৈঠক ডেকেছিল, তা তদন্ত করে অবিলম্বে চিহ্নিত করা প্রয়োজন। তাঁর আরও প্রশ্ন, ওই দিন গভীর রাত পর্যন্ত অরবিন্দ ভবনে যে বিপুল ভিড় ছিল, তাঁদের সকলেই কি যাদবপুরের পড়ুয়া? বহিরাগতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

ভাস্কর সর্দারের অভিযোগ, চরম উত্তেজনার পরিস্থিতিতে উপাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ে অনামিকা বা স্বপ্ননীলের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ক্যাম্পাসে কঠোর পুলিশি নিরাপত্তার দাবি জানান তিনি।

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির জন্য কিছু চরমপন্থী মতাদর্শকে দায়ী করে ভাস্কর অভিযোগ করেন, যাদবপুরে এমন কিছু ‘দিমাগি নকশাল’ রয়েছে, যারা কোনওভাবেই ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির পক্ষে নয়। তাঁর দাবি, পুলিশ ফাঁড়ি হলে বিশ্ববিদ্যালয় চত্বরে অবাধে মদ, বিড়ি ও গাঁজার কারবার বন্ধ হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে এবিআরএসএম নেতৃত্ব। তাঁদের প্রশ্ন, ঠিক কী কারণে এবং কত জন পড়ুয়ার লিখিত আবেদনের ভিত্তিতে তড়িঘড়ি পরীক্ষা বাতিলের নোটিস জারি করা হল? বাম ছাত্র সংগঠনের মিছিলকে সুবিধা করে দেওয়ার জন্যই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই প্রশ্নও তোলা হয়। পাশাপাশি, পরীক্ষা বাতিলের জন্য আবেদনকারী পড়ুয়াদের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানানো হয়েছে।

ভাঙা ফলক পুনঃস্থাপনের সময় উপাচার্য ও সহ-উপাচার্যের পাশে সিপিএম নেতা পার্থপ্রতিম রায়ের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনের প্রতিনিধিরা। ভাস্কর সর্দারের দাবি, ভিডিও ফুটেজে তাঁর উপস্থিতি স্পষ্ট। তাঁর প্রশ্ন, ২০২৫ সালে যখন ৩ নম্বর গেটের ফলক ভাঙার ঘটনা ঘটেছিল, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সক্রিয়তা বা আবেগ কোথায় ছিল?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ নিয়েও সংগঠনগুলির পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়। তাঁদের দাবি, পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরের এমন ভিডিও বাইরে ছড়িয়ে পড়া সম্ভব নয়। তাঁদের কাছে খবর রয়েছে, সিপিএমের দুই প্রভাবশালী আধিকারিকের হাতে ওই ফুটেজ তুলে দিয়ে প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে হেয় করার চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে বুদ্ধদেব সাউ জানান, ওই দিন তিনি ১ ও ৪ নম্বর গেটে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কোনও গেট খুলে দেওয়ার নির্দেশ দেননি। তাঁকে পরিকল্পিতভাবে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, প্রশাসনিক গাফিলতি ও চক্রান্তের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্সের দ্রুত গ্রেফতারির দাবি জানান প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য।

এদিকে, আগামী ২৮ অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ‘বন্দে মাতরম্’ গাইবেন বলেও আশা প্রকাশ করেন সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্ব। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর সফরের পর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অরাজক পরিস্থিতির অবসান ঘটিয়ে ক্যাম্পাসে নতুন ও ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.