আবারও জেলায় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার, অর্থাৎ ২৬ অগস্ট, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। একই দিনে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে আয়োজিত প্রশাসনিক সভায় হাজির থাকবেন দুই জেলার জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সেই সভাতেই বেশ কিছু উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “২৬ অগস্ট দুপুর ১২টা থেকে প্রশাসনিক বৈঠক হবে। মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও পরিষেবা প্রদান করবেন।”
প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে বর্ধমানে। বৃহস্পতিবার মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফরের দিনেই রাজনৈতিক উত্তাপও বাড়তে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা— “জেলে বসে আর কলকাঠি নাড়া যাবে না।” বিজেপি শিবিরে এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ালেও, পালটা দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের বক্তব্য, “মোদীজি আগে নিজের দলটা সামলান, বাংলার মানুষ সব বুঝে গিয়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে এখন সাজো সাজো রব গোটা বর্ধমানে। প্রশাসনিক কর্তারা থেকে শুরু করে শাসকদল, সকলে তৈরি আগামী মঙ্গলবারের কর্মসূচির জন্য।







