রাজ্য ও রাজ্যপালের সংঘাতের চিত্র আরও একবার উঠে এলো মেদিনীপুরে।
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের কনভয়ে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে VC নিয়োগের দাবিও তোলা হয় এই বিক্ষোভ থেকে।
প্রসঙ্গত, মঙ্গলবার মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই FCI গোডাউনের কাছেই রাস্তার দুধারে তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা পতাকা হাতে রাজ্যপালকে উদ্দেশ্য করে শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখান। পরে একটি বিক্ষোভ মিছিল ও করা হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে।
রাজ্যপালকে তৃনমূল ছাত্র পরিষদের বিক্ষোভ দেখানো প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভুঁঞ্যা জানান রাজ্যপাল নীতিবিরুদ্ধ ভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছে। গনতান্ত্রিক ভাবে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতেই পারেন। তবে কি হয়েছে তা খোঁজ না নিয়ে মন্তব্য করবো না।







