‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর বিজয়ীর নাম ঘোষণা হওয়ার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। রবিবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ঋত্বিক ধঞ্জানি এবং ওরিকে পিছনে ফেলে ট্রফি নিজের করে নিলেন অবিনাশ মিশ্র।
শুধু চ্যাম্পিয়ন হওয়ার সম্মানই নয়, জয়ের পুরস্কার হিসেবে অবিনাশ পেয়েছেন ২০ লক্ষ টাকা, ইউরোপ ভ্রমণের সুযোগ এবং একটি গাড়ি। পাশাপাশি, শীর্ষ তিন ফাইনালিস্টের প্রত্যেকের জন্য ছিল একটি করে বাইক।
জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে অবিনাশ বলেন, ‘খতরোঁ কে খিলাড়ি’ জেতা তাঁর কাছে অত্যন্ত বিশেষ। নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়েই এই শো-তে এসেছিলেন তিনি। কিন্তু প্রতিযোগিতা যত এগিয়েছে, ততই নিজেকে আরও কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছেন। বহু বছর ধরে টেলিভিশনে কাজ করলেও দর্শকদের সামনে নিজের অন্য দিক তুলে ধরার ইচ্ছা ছিল তাঁর। এই শো তাঁকে সেই সুযোগ দিয়েছে বলে জানান অবিনাশ।
তাঁর কথায়, এই গোটা সফরটাই ছিল মানসিক শক্তির পরীক্ষা। শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হলেও ভয়ের মুখোমুখি হলে পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। সেই মুহূর্তে নিজের ভয়কে সামলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিযোগিতার বেশ কিছু মুহূর্তে নিজেকেই নতুন করে আবিষ্কার করেছেন বলে জানান তিনি। নিজেকে পরীক্ষা করতে শো-তে এসে শেষ পর্যন্ত আরও আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন—এটিকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন অবিনাশ।
শো-এর প্রথম থেকেই শক্তিশালী প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন অবিনাশ। পুরো সিজনে কোনও টাস্ক থেকে পিছিয়ে যাননি তিনি। তাঁর ঝুলিতে ছিল ‘সুইফট ইমিউনিটি জ্যাকেট’ও। এই জ্যাকেটের মাধ্যমে কোনও প্রতিযোগীকে এলিমিনেশন বা নির্দিষ্ট টাস্ক থেকে রক্ষা করার সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকী ফাইনালের টিকিট পাওয়া প্রথম প্রতিযোগীও ছিলেন অবিনাশ।
ফাইনালের পথে ফারহানা ভাট, ওরি, করণ ওয়াহি এবং ঋত্বিক ধঞ্জানির মতো প্রতিযোগীদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে শেষ লড়াইয়ে সবাইকে টপকে ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর ট্রফি নিজের দখলে করে নিলেন অবিনাশ মিশ্র।







