রণবীর সিংহের ৪০তম জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। এই ঝলকেই চমকে দিয়েছেন রণবীর। চরিত্রের রূপ ও অভিনয় দুয়েই প্রশংসিত তিনি। তবে প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। ২০ বছরের এক নবাগত অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় সমালোচনার মুখে পড়েছেন রণবীর। এর মধ্যেই ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
ছবির পোস্টারে কার্যনির্বাহী প্রযোজকের জায়গায় ‘রাহুল গান্ধী’ নামটি দেখে অবাক হয়েছেন অনেকেই। অনেকে ভাবতে শুরু করেন, রাজনীতির ময়দান থেকে কি এবার রুপোলি পর্দায় পা রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা ছিল রাহুলের। এমন এক রাজনৈতিক আবহে তাঁর নাম যুক্ত হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। কেউ কেউ কটাক্ষ করেছেন, কেউ আবার আগ্রহ প্রকাশ করেছেন তাঁর সিনেমায় আগমনে।
তবে এই বিভ্রান্তির অবসান ঘটেছে সম্প্রতি। জানা গিয়েছে, ছবির সঙ্গে যুক্ত ‘রাহুল গান্ধী’ কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি বহু বছর ধরে বলিউডে কাজ করছেন। প্রযোজনা করেছেন ‘রুস্তম’, ‘লাকি ভাস্কর’-এর মতো ছবি, এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘রকেট বয়েজ’, ‘মুম্বই ডায়েরিজ’, ‘ফার্জি’-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে রণবীর সিংহের ‘ধুরন্ধর’। তবে সিনেমার চেয়েও আপাতত চর্চার কেন্দ্রে সেই একটি নাম, ‘রাহুল গান্ধী’।







