বিনোদন

‘রবীন্দ্র কাব্য রহস্য’-এ রহস্যে মোড়া কবিতা, পর্দায় আসছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি

২৫ বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর দিনে প্রকাশ পেল পরিচালক সায়ন্তন ঘোষাল পরিচালিত নতুন ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর টিজার। এসকে মুভিজ প্রযোজিত এই রহস্যরোমাঞ্চমূলক ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুন। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথমবার জুটি বাঁধছেন এই দুই তারকা। ঋত্বিকের চরিত্র অভীক একজন কবি, যিনি সমানভাবে উৎসাহী রহস্য সমাধানেও। অপরদিকে হিয়া চরিত্রে ভি শ্রাবন্তী, যিনি পেশায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

লন্ডনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির কাহিনির কেন্দ্রে এক রবীন্দ্রভক্ত কবি ও তাঁর প্রতিশোধের অভিসন্ধি। টিজারে ধরা পড়েছে রহস্যের ইঙ্গিত। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে,”কবিতার ভাঁজে ছদ্মবেশে লুকিয়ে আছে এক অমীমাংসিত সত্য। প্রতিটি পংক্তিতে লুকিয়ে একেকটি ইঙ্গিত।” ছবিতে আরও দেখা যাবে রাজনন্দিনী পাল, ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। প্রিয়াংশু অভিনয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায়।

রবীন্দ্র কাব্য রহস্য শুধুই একটি রহস্যভিত্তিক ছবি নয়, এটি প্রশ্ন তোলে রবীন্দ্রনাথকে ঘিরে কিছু বিতর্কিত ভাবনার ওপর—তিনি কি স্বাধীনতা চাননি? তিনি কি দেশের শত্রু ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েন প্রধান চরিত্ররা। রহস্যের আবরণ ভেদ করে সত্যের সন্ধানে অভিযানে নামছেন অভীক ও হিয়া। এবার দেখা যাক, ২০ জুন মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শকের মন কেমনভাবে জয় করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.