এর আগেও বহুবার রেল লাইন সংস্কারের কাজের জন্য বাতিল করা হয়েছিল বহু লোকাল ট্রেন। আগামীকাল ফের একবার রাত ১১টা ৩৫ মিনিটে শুরু হবে দমদম স্টেশনে রেল লাইন সংস্কারের কাজ। এটি বজায় থাকবে টানা ১২ ঘণ্টা। যার জেরে শিয়ালদহ মেইন ও দক্ষিণ শাখায় শনি ও রবিবার মিলিয়ে মোট ৪২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। তার মধ্যে ৪০টি লোকাল ট্রেন রবিবারই চলবে না। স্বভাবতই প্রবল ভোগান্তির স্বীকার হতে হবে নিত্য যাত্রীদের।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দমদম জংশনের আপ লাইনে জরুরি মেরামতি প্রয়োজন। সেই লক্ষ্যেই এই কাজ সারা হবে সপ্তাহ শেষে ১২ ঘণ্টা বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রেখে।
বাতিল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-গেঁদে, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-বারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, বজবজ-শিয়ালদহ ইত্যাদি। অন্যদিকে, রবিবার বজবজ-নৈহাটি (৩১০৫১ ও ৩১০৫২) লোকাল আপ ডাউনে প্রান্তিক স্টেশনের বদলে শিয়ালদহ সাউথেই যাত্রা শুরু ও শেষ করবে।
ওইদিনই এই কাজের জন্য বদল করা হবে কাঞ্চনজঙ্ঘা ও হাজারদুয়ারি এক্সপ্রেসের সময়সূচি। নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা সময় পিছিয়ে যাত্রা করবে এই দুই দূরপাল্লার ট্রেন।







