পাখির কথা উঠলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে নীল আকাশে তাদের নির্ভার উড়ান। অথচ প্রকৃতির নিজস্ব নিয়মে সব পাখিই আকাশের অধিকারী নয়। কারও ডানা থাকলেও উড়তে জানে না, কেউ আবার সেই ক্ষমতা চিরতরে হারিয়েছে। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে একসময় বাস করত এমনই এক অভূতপূর্ব প্রজাতির পাখি সাউথ আইল্যান্ড জায়ান্ট মোয়া। উড়তে অক্ষম এই বিশালদেহী পাখির উচ্চতা ছিল প্রায় ১৩ ফুট, ওজন প্রায় ২৭০ কেজি একটি পূর্ণবয়স্ক বাঘের সমান! অথচ এই দৈত্যাকৃতি শরীরের মধ্যে ছিল এক শান্ত স্বভাব। পছন্দ ছিল নিরীহ খাদ্য বনের গুল্ম, পাতাঝরা ডালপালা আর ফার্ন গাছের পাতা। অনেকটা যেন পালকে মোড়া এক নিরীহ জিরাফ।
চমকপ্রদ বিষয় হলো, মোয়া ছিল এমন এক বিরল পাখি যার শরীরে ডানার কোনও চিহ্নই ছিল না বাইরে, না কঙ্কালের ভেতরে। অন্যান্য পাখিদের মধ্যে যেখানে অন্তত ক্ষুদ্র ডানার অস্থি রয়ে যায়, মোয়া সেখানে পুরোপুরি ব্যতিক্রম। পাখি হয়েও ডানাহীন, মোয়া যেন বিবর্তনের পাঠ্যপুস্তকে এক নতুন অধ্যায়।
আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে যখন মোয়ার পূর্বপুরুষরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করে, তখন এই দ্বীপে কোনও স্থলচর স্তন্যপায়ী ছিল না। ফলে শত্রুহীন পরিবেশে তারা মাটির উপর নিজেদের রাজত্ব কায়েম করে। কেউ গাছে, কেউ মাটিতে, আবার কেউ উঁচু ঘন জঙ্গলে। মোয়া বেছে নিয়েছিল উচ্চতা আর স্থলজ জীবনকে। তাদের একমাত্র শিকারি ছিল হাস্ট’স ঈগল, এক বিপজ্জনক শিকারি পাখি।
তবে সবকিছু বদলে যায় ১৩ শতকে, যখন মাওরি জাতির মানুষ পা রাখে নিউজিল্যান্ডে। আগুন আর অস্ত্রের সঙ্গে অপরিচিত মোয়া ধরা পড়ে সহজেই। ধীরে ধীরে শুরু হয় এক নির্মম অধ্যায় মানব শিকারেই একে একে বিলুপ্ত হয়ে যায় মোয়ার সব প্রজাতি। ১৪৫০ নাগাদ, পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যায় এই অনন্য পাখির অস্তিত্ব।
তবে গল্পের এখানেই শেষ নয়। আধুনিক বিজ্ঞান আবারও মোয়া ফিরিয়ে আনার চেষ্টা করছে। ডিএনএ ও ক্লোনিং প্রযুক্তির সাহায্যে এই প্রজাতিকে ‘পুনর্জন্ম’ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন গবেষকেরা। যদি সত্যিই তারা সফল হন, তাহলে তা হতে পারে পৃথিবীর বিবর্তন ইতিহাসে এক নতুন মোড়। মোয়া আমাদের মনে করিয়ে দেয় সব পাখির গল্প আকাশে লেখা নয়। কারও টিকে থাকার কাহিনি মাটিতেই গড়ে ওঠে। ডানা ছাড়াই যারা দৌড়েছে, লড়েছে, বেঁচেছে তাদের গল্পও কম বিস্ময়কর নয়।







