স্বাভাবিকভাবেই এই ঘোষণা প্রভু জগন্নাথের ভক্তবৃন্দ এবং সাধারণ পর্যটক – দুই পক্ষের কাছেই বিরাট পাওয়া। এত দিন তাঁরা সকলেই অপেক্ষায় ছিলেন, কবে চাক্ষুষ করা যাবে সেই মন্দির? কবে ঢোকা যাবে মন্দিরের অন্দরে?
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ!জানিয়ে দিলেন আগামী ২৯ এপ্রিল দিঘার এই মন্দিরের উদ্বোধন করা হবে।
উল্লেখ্য প্রায় ২২ একর জমির উপর প্রায় ২০০ কোটি টাকা খরচে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। ২০১৮ সালে পুরী মন্দিরের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। হিডকোর তত্ত্বাবধানে বাস্তব রূপ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিকল্পনা। পুরীর রথযাত্রার নিয়ম মেনে এই মন্দিরেও রথ বেরনোর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হবে। দিঘা জগন্নাথ মন্দিরের সোনার ঝাঁটার জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথাও জানিয়েছিলেন।
দিঘা জগন্নাথ মন্দিরের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড (অছি পরিষদ) তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রয়েছেন চারজন সনাতনী প্রতিনিধি, পুরীর মন্দিরের পাঁচ জন এবং চার জন স্থানীয় পুরোহিত। মুখ্যমন্ত্রীর আশা, বাংলার সমুদ্রতীরে অন্যতম তীর্থধাম হয়ে উঠবে দিঘার জগন্নাথ মন্দির।







