বড়োপর্দায় দাপুটে উপস্থিতির পাশাপাশি ছোটোপর্দাতেও জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এক দশকের বেশি সময় ধরে অভিনয়ের জগতে নিজের জায়গা পাকা করেছেন তিনি। এবার সিনেমার পাশাপাশি রিয়্যালিটি শোয়ের মঞ্চেও আলো ছড়ালেন অঙ্কুশ। সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর সিজন ২-এর মাসিক ফিনালেতে বিশেষ অতিথি হয়ে হাজির হলেন তিনি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত এই অনুষ্ঠান ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। মূলত মহিলাদের জন্য তৈরি এই গেম শোতে প্রতিযোগিতার মাধ্যমে জয়ীরা পান নগদ অর্থ। ফিনালের বিজয়িনী পাবেন ২ লাখ টাকা পুরস্কার। তবে শো শুধু খেলা নয়, সঙ্গে থাকে প্রতিযোগীদের জীবনের অনুপ্রেরণাদায়ী গল্পও। অঙ্কুশ জানালেন,”এই শো-তে আসতে পেরে দারুণ লাগছে। লক্ষ্মীদের লড়াই সত্যিই অনুপ্রেরণার। সুদীপ্তাদি আমার শিক্ষক, তাঁর সঙ্গে আবার দেখা হওয়ায় ভীষণ আনন্দিত।” ফিনালের মঞ্চে অঙ্কুশের নাচের পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ। নিজের জনপ্রিয় ছবির গান থেকে বলিউডি তাল, সবেতেই তাল মেলাবেন তিনি।
শুধু অতিথি নয়, অঙ্কুশের উপস্থিতি শোকে দিয়েছে অন্য মাত্রা। অন্যদিকে, চার রাউন্ডে ভাগ করা এই খেলায় প্রতিটি অংশগ্রহণকারী পান পুরস্কার। কাউকে খালি হাতে ফিরতে হয় না। নতুন সিজনে যোগ হয়েছে ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’-র মতো আরও মজাদার খেলা। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ মহিলাদের স্বপ্ন পূরণের একটি বড়ো মঞ্চ। তাঁদের স্বনির্ভরতার ইচ্ছেকে আরও শক্তিশালী করাই এই শোয়ের লক্ষ্য। ৩১ আগস্ট সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে সিজন ২-এর মাসিক ফিনালে। এদিকে, অঙ্কুশের হাতে এখন একগুচ্ছ কাজ। পুজোয় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’, আর আগামী বছরের সরস্বতী পুজোয় মুক্তি পাবে ‘নারী চরিত্র বেজায় জটিল’। ছোটোপর্দার পাশাপাশি বড়োপর্দাতেও সমান ব্যস্ত তিনি।







