পুজোর মুখে বড় ধাক্কা। সর্বস্ব হারালেন বহু ছোট ব্যবসায়ী। সোমবার ভোরে আগুনে ভস্মীভূত হল শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনের একের পর এক দোকান। সকাল ৭টা নাগাদ প্ল্যাটফর্মের এক দোকান থেকে হঠাৎই শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো প্ল্যাটফর্ম জুড়ে।
কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও দোকানদারদের মধ্যে। আগুনের লেলিহান শিখা দেখা যায় দূর থেকেও। ফলে সকাল থেকেই ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর লড়াই। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগুনে ক্ষতিগ্রস্ত ছোট-বড় একাধিক দোকান ভস্মীভূত হয়েছে। দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ছাই হয়ে গিয়েছে। চোখের সামনে সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বহু দোকানদার। পুজোর আগে এমন দুর্ঘটনায় চরম অনিশ্চয়তার মুখে তাঁদের পরিবার।







