সরগরম রাজনীতি! একাধারে ধর্মতলায় অমিত শাহের বৃহৎ সভা, অন্যদিকে কালো পোশাক পরে বিধানসভায় হাজির তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে মন্ত্রীরা। আবার এহেন আবহেই কালো শাড়ি পরে বিধানসভায় হাজির হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখে প্রত্যেকেই চমকিত।
উল্লেখ্য, এদিন কালো পাড়ের শাড়ি পরে বিধানসভায় হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধায়কদের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা তাঁর।
এই কালো পাড়ের শাড়ি পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সাফই বোঝাল, মানুষের পক্ষে এবং কেন্দ্রীয় সরকারের বিপক্ষে আন্দোলনের প্রধান হয়ে তিনিই আছেন। পাল্টা আন্দোলন তিনিই গড়ে তুললেন। আজ দুপুরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভা। তার পূর্বে মুখ্যমন্ত্রীর এহেন উপস্থিতি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।







