শনিবার সোনারপুরে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম ও ইট ছোড়ার অভিযোগ ওঠে। এমনকি ধস্তাধস্তির জেরে তাঁর জামাও ছিঁড়ে যায় বলে জানা যায়। সোমবার সাংবাদিক বৈঠকে সেই ঘটনার প্রসঙ্গে সরাসরি নাম না করেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। তৃণমূলের নেতা, বিধায়ক ও সাংসদদের অনেক জায়গায় জনরোষের মুখে পড়তে হচ্ছে। তবে আমি সবাইকে বলব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে দিন।”
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছে, এ ধরনের ঘটনায় তাদের দলের কোনও ভূমিকা নেই। পাশাপাশি, দলের কেউ আইনভঙ্গ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিজেপির দাবি, বহু ক্ষেত্রে এগুলি রাজনৈতিক হামলা নয়, বরং সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।
শনিবার সোনারপুরের ঘটনাও সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। তৃণমূলের অভিযোগ, ভোট-পরবর্তী হিংসার জেরে সঞ্জু কর্মকার নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, ওই ব্যক্তির মৃত্যু ব্রেন স্ট্রোকের কারণে হয়েছে এবং তিনি নানা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগও তোলেন তাঁরা। স্থানীয়দের মতে, সেই ক্ষোভ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনা ঘটে।
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তা আমরা দেখছি। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশ আছে, প্রশাসন আছে, তারা তাদের কাজ করবে।” একই সঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “একটা প্রায় অস্তিত্বহীন হয়ে যাওয়া দল এখন ফলতার মতো জায়গায় চতুর্থ স্থানে নেমে এসেছে। বাংলার রাজনীতিতে তাদের গুরুত্ব ক্রমশ কমছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তবে কেউ নিজের হাতে বিচার করতে যাবেন না।”







