রাজনীতিতে অবসরের বয়সের সীমা প্রসঙ্গে প্রকাশ্যে নিজস্ব মতপোষণ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার পূর্বে কলকাতা বিমানবন্দরে তৃণমূলের তরুণ নেতা মন্তব্য রাখেন, ‘আমি মনে করি, সব পেশার মতো রাজনীতিতেও একটা বয়ঃসীমা থাকা উচিত।’
তবে তারপরই অভিষেকের সংযোজন, ‘তবে আমি মনে করি সব পেশায়, সর্বত্র যেমন একটা বয়সের উর্ধ্বসীমা থাকে, তেমনই রাজনৈতিক দলেও থাকা উচিত। কারণ, বয়স বাড়লে মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়। তিরিশ চল্লিশ বছর বয়সে একটা মানুষ যতটা দৌড়ে কাজ করতে পারেন, সত্তর বছরে পৌঁছে তা করা যায় না।’
উল্লেখ্য, অভিষেকের কথায় এটা স্পষ্ট যে, তিনি তাঁর মতামতে অনড়। প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক চান পেশাদার রাজনীতিক যিনি হবেন, তাঁদের সাত দিনই, চব্বিশ ঘণ্টা রাজনীতি করতে হবে। একুশ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তীতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সাংগঠনিক কাঠামোয় সংস্কারের পথে হেঁটেছেন তিনি। আবার বিভিন্ন সময়ে তাঁকে প্রবীণ নেতাদের বাধার সামনেও পড়তে হয়। তবে হার মানেননি তিনি। অভিষেকের দিক দিয়ে বারংবারই এটা স্পষ্ট হয়েছে যে, দীর্ঘমেয়াদি পরিকল্পনাই তাঁর লক্ষ্য!







