টাকা পয়সা দিয়ে এখন আর কোনও কিছুই ম্যানেজ হবে না। অন্তত আমি চেয়ারম্যান থাকাকালীন টাকা দিয়ে কোনও বিষয়ে সেটিং হবে না। আমি হতে দেব না।
তবে শুধু ওই অবৈধ নির্মাণ ভাঙা নয়, ওই ব্যবসায়ীর দোকানের বিল্ডিং প্ল্যান সহ অন্যান্য পুর আইন সঠিকভাবে মানা হয়েছে কি না, তাও দ্রুত খতিয়ে দেখা হবে বলে চেয়ারম্যান জানান। শনিবার রাতের পর রবিবার দুপুরেও সদর হাসপাতাল সংলগ্ন এলাকার অবৈধ দখলদারদের সরিয়ে দেন পুলিশ এবং পুরকর্মীরা।
শনিবার রাতে ভিক্টোরিয়া স্কুল মোড় সংলগ্ন এলাকায় কাপড়ের এক হোলসেল ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত ঢালাই করছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি যান চেয়ারম্যান। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাসরঞ্জন দাস এবং পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষও সেখানে পৌঁছন। ফুটপাতের উপর অবৈধভাবে ঢালাইয়ের কাজ আটকে দেন চেয়ারম্যান। পরে গাঁইতি দিয়ে ঢালাই করা অংশ ভেঙে দেওয়া হয়।
চেয়ারম্যান বলেন, ওই ব্যবসায়ীকে বারবার সতর্ক করা হয়েছিল। আমি নিজে এসেও সতর্ক করেছিলাম। ওই দোকানের সামনে যেভাবে যানজট হয় এবং অবৈধভাবে জায়গা দখল করে রাখা থাকে তাতে সমস্যা বাড়ে একটি স্কুলের পক্ষ থেকে বারবার ওই দোকানের বিষয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়। কিন্তু, ওই ব্যবসায়ী কোনও কর্ণপাত করেননি। ঢালাই হয়ে গেলেই ওই গোটা ফুটপাত তাঁর হয়ে যাবে। সেখানে আর অন্য কাউকে দাঁড়াতে বা যাতায়াত করতে দেবেন না। এরকম চলতে পারে না। শহরে যে প্রশাসন রয়েছে, সেটা সবাইকে বুঝতে হবে।







