আসন্ন ছবি ‘বঁটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে এসে পাকিস্তান প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেতা সানি দেওল। তবে কোনও রাজনৈতিক বিতর্কে না গিয়ে তিনি তুলে ধরলেন দেশভাগের আগের ঐতিহাসিক সম্পর্ক এবং মানবিক আবেগের কথা। পাশাপাশি স্মরণ করলেন বাবা ধর্মেন্দ্রর বহুল আলোচিত মন্তব্যও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সানি দেওল প্রথমেই জানান, ছবিটির শুটিং পাকিস্তানে নয়, সম্পূর্ণ ভারতে হয়েছে। এরপর তিনি বলেন, দেশভাগের ইতিহাসকে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়োজন নেই। তাঁর কথায়, একসময় ভারত ও পাকিস্তান একই ভূখণ্ডের অংশ ছিল। সেই প্রসঙ্গেই বাবা ধর্মেন্দ্রর একটি বিখ্যাত মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “ভারত আমার মা, পাকিস্তান আমাদের মাসি।” সানির মতে, ইতিহাস ও সংস্কৃতির টান থেকেই দুই দেশের মানুষের মধ্যে এক ধরনের আবেগের সম্পর্ক রয়ে গেছে।
তবে এই মন্তব্যের পরই তিনি স্পষ্ট করে দেন, একজন অভিনেতা হিসেবে রাজনীতিতে মন্তব্য করা তাঁর উদ্দেশ্য নয়। সানি বলেন, তাঁদের কাজ মানুষের সামনে গল্প তুলে ধরা। কোনও ছবিকে রাজনৈতিক রঙ দেওয়ার পক্ষপাতী নন তিনি এবং এ ধরনের বিতর্কে জড়াতেও চান না।
প্রসঙ্গত, ‘বঁটোয়ারা ১৯৪৭’ ছবির হাত ধরে প্রায় তিন দশক পর ফের একসঙ্গে কাজ করছেন পরিচালক রাজকুমার সন্তোষী ও সানি দেওল। এর আগে তাঁদের জুটি ‘ঘায়েল’, ‘দামিনী’ এবং ‘ঘাতক’-এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছে।
দেশভাগের অস্থির সময়কে কেন্দ্র করে তৈরি এই ছবিতে স্বাধীনতার আনন্দের পাশাপাশি বিভাজনের বেদনাও ফুটে উঠবে। সানি দেওলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রীতি জিন্টা। আগামী ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।







