রাজ্য

পরপর দু’মাসে কমল বাণিজ্যিক গ্যাসের দাম, স্বস্তিতে ব্যবসায়ীরা

নতুন মাসের শুরুতেই ব্যবসায়ীদের জন্য সুখবর। জুনের প্রথম দিন থেকেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২৪ টাকা। শুধু তাই নয়, কলকাতায় এই দাম প্রায় সাড়ে ২৫ টাকা পর্যন্ত কমেছে। গত মাসেও এই সিলিন্ডারের দাম ১৫ টাকা কমেছিল। ফলে পরপর দু’মাস দাম হ্রাস পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হোটেল, রেস্তরাঁ, ও খাবারের দোকান চালানো ব্যবসায়ীরা।

নতুন দামে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১,৮২৬ টাকা, যেখানে মে মাসে ছিল ১,৮৫১.৫০ টাকা এবং এপ্রিল মাসে ১,৮৬৮.৫০ টাকা। দিল্লিতে বর্তমান দাম ১,৭২৩.৫০ টাকা, মুম্বইয়ে ১,৬৭৪.৫০ টাকা এবং চেন্নাইতে ১,৮৮১ টাকা।

প্রতিমাসেই আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে সংস্থাগুলি। এর আগেও জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দাম কিছুটা কমানো হয়েছিল, তবে এপ্রিল মাসে তা বেড়েছিল। এরপর আবার পরপর দু’মাসে দাম হ্রাস ব্যবসায়িক মহলে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

তবে গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এখনও এই সিলিন্ডারের জন্য খরচ করতে হবে ৮৭৯ টাকা।

মূলত হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং সার্ভিস এবং বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহৃত হয় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার। তাই এর দাম ওঠানামার প্রভাব সরাসরি পড়ে খাদ্য পরিষেবার ওপর। পরপর দাম কমায় সাময়িক হলেও কিছুটা স্বস্তির হাওয়া বইছে এই খাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.