কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার ভাবনায় এবার ক্ষোভপ্রকাশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়, ট্রাম কর্তৃপক্ষ শুধু ট্রাম বিক্রি করতেই বসে রয়েছেন? কর্মচারীদের বেতন দেওয়ার ব্যাপার বা কী করে পরিষেবা ফেরানো যায়, সেই বিষয়ে কী চিন্তাভাবনা বর্তমান?
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার মামলাকারীরা অভিযোগ করেন, ট্রাম চালানোয় বিরোধিতা করছে কলকাতা পুলিস। তাঁদের যুক্তি, ট্রাম ধীরে চলে। যার জেরে কলকাতায় ট্র্যাফিকের সমস্যা হচ্ছে। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সাফ কথা, পুলিস একপাক্ষিকভাবে ট্রামের বিরোধিতা করতে পারে না। তাদের সেই এক্তিয়ারই নেই। ট্রাম রাজ্যের ঐতিহ্য।
উচ্চ আদালতের আরও বক্তব্য, উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সরকারের গঠিত কমিটিতে বেসরকারি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো একান্ত প্রয়োজন। পিপিপি মডেলে খতিয়ে দেখা যেতে পারে। নাহলে পুরো উদ্যোগ নষ্ট হতে পারে বলে মনে করে হাইকোর্ট।






