15 ডিসেম্বর, শুক্রবার, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাঙালি অভিনেতা সৌরভ দাস। সৌরভ দাস এবং তার স্ত্রী, দর্শনা বনিক তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলিতে তাদের বিবাহের প্রথম ছবিগুলি শেয়ার করেন। প্রথম ছবিতে সদ্য বিবাহিত দম্পতিকে একে অপরের হাত ধরে মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। পরের ছবিতে, সৌরভ এবং দর্শনাকে ক্যামেরার জন্য খোলামেলা পোজ দিতে দেখা যায়। এমনকি একটি হার্ট এবং ইনফিনিটি ইমোজি দিয়ে ছবি শেয়ার করেন সৌরভ।
দর্শনা বণিক যেমন আগেই জানিয়েছিলেন যে তিনি একেবারে সাবেকি সাজেই সাজবেন, তেমনটাই এদিন দেখা গেল তাঁকে। তার বিশেষ দিনের জন্য ট্র্যাডিশনাল বাঙালি বধূর সাজে নিজেকে পরিণত করেন তিনি। এদিন অভিনেত্রী একটি সুন্দর লাল রঙের বেনারসি শাড়ি পরেছিলেন যাতে সোনার সিল্ক সুতোর কাজ ছিল। ম্যাচিং ব্লাউজ , একটি নিখুঁত লাল দোপাট্টা এবং ক্রিস্টাল স্টোন দিয়ে তার শাড়িটি ডিজাইন করা হয়। নববিবাহিত অভিনেত্রীর পরনে ছিল
সোনার নেকলেস, এক জোড়া কানের দুল, একটি মাং টিকা, একটি নথ, একটি কোমরবন্ধ এবং চুড়ি , এছাড়া মেকআপে স্মোকি আই, নুড লিপস্টিকএবং শোলার মুকুট,তার সৌন্দর্য্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়।
অন্যদিকে, সৌরভকেও সুদর্শন দেখাচ্ছিল এদিন; তিনি তার এই বিশেষ দিনে এমব্রয়ডারি কাজ করা সাদা কুর্তা, সোনালী প্রিন্টের কাজ করা ধুতি এবং লাল শালের মধ্য দিয়ে নিজেকে ধরা দেন।
এদিন পিঁড়িতে করে নয়, বরং পান পাতায় মুখ ঢেকে একাই হেঁটে মঞ্চে আসেন দর্শনা। শুভদৃষ্টিতে স্ত্রীকে দেখেই চেঁচিয়ে ওঠেন সৌরভ। মালাবদল সেরেই স্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তাঁদের নতুন জীবনে পদার্পণ । পর্দার প্রেম এবার বাস্তবে সিলমোহর পেল।
এদিন বিয়ের সমস্ত রিচুয়াল মেনেই দর্শনাকে সিঁদুর পরিয়ে দেন সৌরভ। সিঁদুর পরিয়ে টেনে দেন লজ্জাবস্ত্র। এই সুন্দর মুহূর্তে সৌরভের পাশেই উপস্থিত ছিলেন তার বোন। সেই ছবিও ফ্রেম বন্দী হয়। বন্ধু, বান্ধব, আত্মীয়দের সামনেই সুসম্পন্ন হল সৌরভ-দর্শনার বিয়ে। প্রকাশ্যে এল তাঁদের সিঁদুরদান থেকে বিয়ের অন্যান্য আচারের ছবি।







