গাজায় ইজরায়েলের সেনা অভিযানে গণহত্যা চলছে—এমন অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন, গাজার মাটিতে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সাংবাদিক হত্যাকে ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, নীরবতা মানেই হামলাকারীদের উৎসাহ দেওয়া, যা আরও বড় অপরাধ।
প্রিয়াঙ্কার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পালটা জবাব দিয়েছে ইজরায়েল। ভারতের ইজরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেন, ইজরায়েল এখন পর্যন্ত ২৫ হাজার হামাস জঙ্গিকে খতম করেছে। সাধারণ নাগরিকদের মৃত্যুর জন্য হামাস দায়ী, কারণ তারা মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গণহত্যার অভিযোগ খারিজ করে আজার জানান, গাজায় ২০ লক্ষ টন খাদ্যসামগ্রী পাঠিয়েছে ইজরায়েল। পাশাপাশি হামাসের দেওয়া মৃতের পরিসংখ্যান বিশ্বাস না করার আর্জিও জানান তিনি।
এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী এক্স – হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘ইজরায়েল গাজার মাটিতে গণহত্যা চালাচ্ছে। ৬০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যার মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু। খেতে না দিয়ে শয়ে শয়ে মানুষকে হত্যা করা হয়েছে। যার বেশিরভাগই শিশু। আরও লক্ষাধিক মানুষকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এত কিছুর পরও নীরব ও নিষ্ক্রিয় থাকার অর্থ এই অপরাধকে সমর্থন দেওয়া। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে প্যালেস্টাইনের মানুষের উপর ইজরায়েল এমন নারকীয় অপরাধ চালিয়ে যাওয়ার পরও ভারত সরকার মুখ বুজে দাঁড়িয়ে রয়েছে। ৫ জন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হল প্যালেস্টাইনের মাটিতে। ইজরায়েল এই নৃশংসতা ও ঘৃণার মাধ্যমে সত্যের পক্ষে দাঁড়ানো দুর্জয় সাহসকে দমাতে পারবে না। বর্তমান পৃথিবীতে সংবাদমাধ্যম যেখানে ক্ষমতার দাস হয়ে উঠেছে সেখানে এইসব সাহসী ব্যক্তিরা আমাদের সত্যিকারের সাহসি সাংবাদিকতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ওনাদের আত্মা শান্তি পাক।’







