দেশ

দিল্লিতে ফের বহুতল ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২, বহু মানুষের আটকে থাকার আশঙ্ক

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বড়সড় দুর্ঘটনা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছেই গলি সিতারা এলাকায় তৈরি হচ্ছিল বাড়িটি। আচমকাই সেটি ভেঙে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দু’জনকে উদ্ধার করা হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। মৃতদের নাম চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দ্রুতগতিতে চলছে উদ্ধার অভিযান।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নির্মাণকাজ চলার সময় বাড়িটির পুরনো ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এরপরই সম্পূর্ণ বাড়িটি ধসে পড়ে। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লির বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনায় প্রাণহানিও হয়েছে। এর মধ্যেই ফের এমন বিপর্যয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে রাজধানীতে। পরপর বাড়ি ভাঙার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টি (আপ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.