পায়রা আনতে পাশের গ্রামে গিয়ে মাঠ থেকে উদ্ধার নবম শ্রেণির ছাত্র দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পাণ্ডু গ্রামে।
পরিবারসূত্রে খবর, বিশ্বজিত্ নামে এক স্কুল পড়ুয়া পায়রা পুষত। শুক্রবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে হারিয়ে যাওয়া পোষা পায়রা আনতে পাশের মাসুন্দি গ্রামের মাঝিপাড়ায় চিন্ময় মাঝির বাড়িতে গিয়েছিল। সেখানে যেতেই গ্রামবাসীরা তাদের ঘিরে ধরায় শুভজিত্ দাস নামে এক বন্ধু পালাতে সক্ষম হলেও বাবুসোনা ও বিশ্বজিত্কে ধরে ফেলে তারা। পরে বাবুসোনার খোঁজ মিললেও বিশ্বজিৎ এখনও নিখোঁজ।
এদিকে শনিবার সকালে কেতুগ্রাম থানার পুলিশ মাসুন্দি গ্রামের মাঠ থেকে ওই কিশোরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের লোকেদের দাবি,বিশ্বজিত্ দাসকে পিটিয়ে খুন করে মাসুন্দি গ্রামের মাঠে ফেলে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের লোকসহ গোটা এলাকায়। শনিবার দুপুরে ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এদিকে কেতুগ্রাম থানার পুলিশ জানিয়েছে, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”







