দেশরাজ্য

পুণ্যযাত্রা ছাপিয়ে গেল শোক! বৈষ্ণোদেবীর পথে ভয়াবহ বাস দুর্ঘটনা”

জম্মুর সাম্বা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কেঁপে উঠল বৈষ্ণোদেবী যাত্রাপথ। মন্দিরগামী পুণ্যার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনায় এক তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৯ জন। গুরুতর জখমদের মধ্যে সাত জনকে বিজয়পুর এইমসে ভর্তি করা হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে সাম্বার সরকারি হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের আমরোহা থেকে ইকবাল সিং নামে এক তীর্থযাত্রী দুর্ঘটনার বলি হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, জম্মু থেকে পাঠানকোটগামী হাইওয়ে ধরে যাওয়ার সময় বাসের চাকা পিছলে যায় এবং মুহূর্তে খাদে গড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে পুলিশ ও স্থানীয়রা। আহতদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি প্রশাসনের তরফে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর দপ্তরের পক্ষ থেকে এক্স-এ শোকবার্তায় জানানো হয়েছে— “এই দুর্ঘটনায় প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ায় মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং পরিবারগুলিকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, বৈষ্ণোদেবীর পথে দুর্ঘটনা নতুন নয়। প্রায় প্রতি বছরই এই তীর্থপথে ঘটে যায় নানা অঘটন। ভূমিধস থেকে শুরু করে গাড়ি দুর্ঘটনা—মন্দির যাত্রা প্রায়ই রূপ নেয় বিপজ্জনক অভিজ্ঞতায়। চলতি বছরের জুলাইয়েই রিয়াসি জেলায় ভূমিধসে অন্তত ১০ জন আহত হয়েছিলেন। বাঙ্গঙ্গা সংলগ্ন এলাকায়ও একাধিক দুর্ঘটনার নজির রয়েছে, যার মধ্যে কয়েকজনের প্রাণও গেছে।

বারবার দুর্ঘটনায় প্রশ্ন উঠছে—পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কতটা কার্যকর ব্যবস্থা নিচ্ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.