ধনধান্য স্টেডিয়াম থেকে গুরুত্বপুর্ণ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দেন যে, ভবিষ্যতে কোনো ভিআইপি বা বড় কর্মকর্তার গাড়ির জন্য সড়কে আলাদা সুবিধা দেওয়া হবে না। এখন থেকে মন্ত্রী, আমলা কিংবা সরকারি আধিকারিকদেরও সাধারণ জনগণের মতো সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি কখনোই পুলিশের কাছে এ ধরনের নির্দেশনা দিই না যে, আমার গাড়ি চলার পথে অন্য গাড়ি আটকানো হোক। আর সাধারণ মানুষ যদি সিগনালে দাঁড়াতে পারে, আমিও তা করতে পারি।” এর মাধ্যমে তিনি স্পষ্টভাবে জানান যে, ভিআইপিদের জন্য গাড়ির রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, “সিগন্যালে দাঁড়াতে কোনো অসুবিধা নেই, আমি নিজের উদাহরণ দিয়ে বলছি।”
মুখ্যমন্ত্রী এর মাধ্যমে একটি বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। অতীতে বাম আমলে, বিশেষ করে জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে ভিআইপির কনভয়ের সময় সড়ক বন্ধ করে সাধারণ মানুষকে অপেক্ষা করতে বাধ্য করা হতো। তবে, এখন থেকে এই ধরনের পরিস্থিতি আর তৈরি হবে না, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া, তিনি জনগণের প্রতি তার সশ্রদ্ধ মনোভাবেরও কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই সাধারণ মানুষের মতো চলতে। আমি কখনো ভিআইপি সুবিধা গ্রহণ করি না।” তিনি আরও বলেন, “কেউ কেউ ট্রাফিক সিগনালে অতিরিক্ত ব্যস্ততা দেখায়, যা আমি পছন্দ করি না। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করানো উচিত নয়।”
এদিন তিনি রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াচ টাওয়ার তৈরি করার প্রস্তাবও দিয়েছেন। তিনি বিধায়ক এবং সাংসদদের তহবিল থেকে এই প্রকল্পে অর্থ সহায়তা দেওয়ার অনুরোধ করেছেন। “বিধায়ক-সাংসদদেরও সামাজিক দায়িত্ব রয়েছে। একসময় আমি নিজে এমপি ল্যাডার টাকা থেকে এরকম প্রকল্প চালিয়েছিলাম,” বলেন মমতা।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “যদি সবাই সিগনাল মানে, তাহলে গ্রিন করিডর তৈরির প্রয়োজন হবে না,” এর মাধ্যমে তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কারের কথা তুলে ধরেন এবং জনগণের নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেন।







