উচ্ছেদ নয়, বরং ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য। আগেই এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে বুধবার সকালে তিনি কলকাতা পুরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে গোটা কলেজ স্ট্রিট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। কোথায় কী ধরনের পরিবর্তন আনা হবে, তা নিয়ে রাস্তাতেই আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশকে **নো-ভেহিকেল জোন** করা হবে। সেখানে কোনও গাড়ি চলবে না, হর্ন বাজবে না। ওই এলাকায় বইয়ের দোকানগুলিকে পরিকল্পিতভাবে স্থানান্তর করা হবে। তবে আপাতত মূল কলেজ স্ট্রিটের ব্যস্ত সড়কে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।
নতুন পরিকল্পনায় বইপ্রেমীরা ওই এলাকায় নির্দিষ্ট সাইকেল ব্যবহার করে ঘুরতে পারবেন। ব্যক্তিগত সাইকেল আনার অনুমতি থাকবে না। পাশাপাশি, প্রবীণদের সুবিধার জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থাও থাকবে।
টিভি৯ বাংলাকে অগ্নিমিত্রা পাল জানান, কলেজ স্ট্রিটকে সম্পূর্ণ বইকেন্দ্রিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এখানে থাকবে শুধু বই, খাতা ও স্টেশনারির দোকান। পাশাপাশি ক্যাফে, বসে বই পড়ার জন্য বেঞ্চ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে যানবাহনমুক্ত এলাকা তৈরি করা হবে। তিনি জানান, মূল রাস্তা আপাতত অপরিবর্তিত থাকবে, কারণ সেটি গুরুত্বপূর্ণ যান চলাচলের পথ। তবে রেলিং দৃশ্যমান করতে কিছু দোকান পরিকল্পিতভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।
দোকানদারদের আশঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কারও জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না। যাঁদের বইয়ের দোকান রয়েছে, তাঁদেরই নতুনভাবে একই নকশার স্টলে স্থানান্তর করা হবে। বিভিন্ন রঙের টিনের বদলে পুরো এলাকায় একরকম আকর্ষণীয় নকশা আনা হবে, যাতে আন্তর্জাতিক মানের একটি বইপাড়া তৈরি করা যায়।
পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বহু বই বিক্রেতাও। একজন বলেন, সরকার সুন্দরভাবে এলাকা সাজানোর কথা বলেছে এবং সবার মতামত নিচ্ছে। আরেকজনের বক্তব্য, এলাকাটি আরও সুন্দর হোক, সেটাই চান সবাই। তবে সেই পরিবর্তনের ফলে যেন তাঁদের রুজি-রুটির উপর কোনও প্রভাব না পড়ে।







