অবশেষে ভয়েস টেস্টের জন্য মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বহু নাটকীয়তার পর অবশেষে গতকাল গভীর রাত ১২.৫২ মিনিটে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তিনি মুখ খোলেন। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য গতকাল রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কালীঘাটের কাকুকে।
জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পর সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছিল। এর জন্য আগে থেকেই বিশেষজ্ঞ চিকিত্সক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল জোকা ইএসআই হাসপাতালে তৈরি ছিল।
সূত্রের খবর, সুজয়কৃষ্ণ ভদ্রকে কন্ঠস্বর পরীক্ষার জন্য তিনটি বাক্য বার বার বলতে বলা হয়। সেগুলি হল, ‘আপনার নাম কী?’, ‘আপনার স্ত্রীর নাম কী?’ এবং ‘আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না’। প্রথম দিকে প্রায় একঘণ্টা সুজয়কৃষ্ণ ভদ্র চুপ থাকলেও অবশেষে রাত ১২.৫২ মিনিটে কালীঘাটের কাকু চিকিত্সক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো বাক্যগুলি বলতে রাজি হন।
কন্ঠস্বর পরীক্ষার পর অনেক রাত হয়ে যাওয়ায় সুজয়কৃষ্ণ ভদ্রকে আর এসএসকেএম হাসপাতালে না ফিরিয়ে জোকা ইএসআই হাসপাতালের কেবিনেই বিশ্রাম নিতে বলা হয় তাকে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুজয়কৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে। ওয়াকিবহল মহলের মতে,এর ফলাফলের উপর নির্ভর করছে নিয়োগ দুর্নীতি তদন্তের ভবিষ্যত্।
প্রসঙ্গত, ইডি-র হাতে গ্রেফতারের পর দীর্ঘ চার মাসেরও বেশি সময় এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। আদালতের নির্দেশ সত্ত্বেও এতদিন তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার দোহাই দিয়ে বার বার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা সৃষ্টি করছিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বুধবার এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি আধিকারিকরা।







