ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহানের। সূত্রের খবর, সরবেড়িয়ার আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের পরিবারের পাঁচটি বাড়ি রয়েছে। একটি শেখ শাহজাহানের। বাকি তিনটি তিন ভাইয়ের। অন্য একটি বাড়িতে থাকেন তাঁদের মা। একই এলাকায় পাশাপাশি পাঁচটি রাজপ্রাসাদ সমান বাড়ি।
সকাল থেকে বার বার ডাকাডাকি করার পরও কোনও সাড়াশব্দ নেই। অথচ ইডির দাবি শেখ শাহজাহানের ফোনের লাস্ট লোকেশন তার বাড়িতেই পাওয়া গেছে। এদিকে এই পাঁচটি বাড়ির চত্বরে ঢোকার পথে বাঁ দিকে একটি নির্মীয়মান গ্যারেজের উপরে অ্যাজবেস্টসের ছাউনি রয়েছে। আর সেই অ্যাজবেস্টসের ছাউনির সঙ্গে সাঁটানো রয়েছে ত্রিপল।
শুনলে অবাক হবেন এই ত্রিপল যে সে ত্রিপল নয় এটি হল রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপন দফতরের ত্রিপল। প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনও বিপর্যয়ের সময়ে দুর্গত মানুষদের বিলি করার জন্য রাখা হয়। গরিব মানুষকে বিলি করার সেই ত্রিপল দিয়েই গ্যারেজের ছাউনি বানানো হয়েছে। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমফানের সময় একাধিকবার সরকারের বিলি করার ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল। এই প্রসঙ্গে বিরোধীরা বার বার সরব হয়েছিল। ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনাতেও।
যাদের এমন প্রাসাদোপম বাড়ি রয়েছে, সেখানে গরিব, দুর্গত মানুষদের সাহায্যের জন্য বিলি করার ত্রিপল কী করছে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে গতকালের ঘটনার পর থেকেই নিখোঁজ শাহজাহান শেখ বা তাঁর পরিবারের লোকজন।







