উন্নাও নির্যাতিতার বাবার হেফাজতে থাকাকালীন মৃত্যুর ঘটনায় বিজেপি থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন উন্নাওয়ের নির্যাতিতা। একই সঙ্গে তাঁর আক্ষেপ— নির্যাতনের সত্য প্রমাণ করতে আট বছর ধরে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতা জানান, রায় ঘোষণার সময় তিনি নিজে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। তাঁর কথায়,
“এই রায়ে আমি খুব খুশি। বিচারপতির নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে শুনানি শেষ হবে— এটাই আমার কাছে সবচেয়ে বড় স্বস্তি।”
তবে স্বস্তির মধ্যেও গভীর ক্ষোভ ও বেদনার প্রকাশ ঘটান তিনি। নির্যাতিতার অভিযোগ,
“আমার বাবা আর ফিরে আসবেন না। অতুল সিং সেঙ্গার ও জয়দীপ সিং সেঙ্গার আমার বাবাকে হত্যা করেছেন। চিকিৎসার অজুহাতে তাঁরা জেল থেকে বেরিয়ে এসেছেন। ঘটনার সঙ্গে যুক্ত সব পুলিশ আধিকারিকই এখন বাইরে।”
কুলদীপ সিং সেঙ্গার প্রসঙ্গে নির্যাতিতার বক্তব্য আরও তীব্র। তিনি বলেন,
“উনি আমার সঙ্গে জঘন্য অপরাধ করেছেন। আমাকে ধর্ষণ করেছেন। আমি কীভাবে এটা প্রমাণ করব? আমি কি বেঁচে আছি? আমাকে কি বারবার সেটা প্রমাণ করতে হবে?”
‘নির্ভয়ার মতো মারা গেলে তবেই বিশ্বাস?’
নির্ভয়ার প্রসঙ্গ টেনে এনে সমাজ ও ব্যবস্থার দ্বিচারিতার দিকেও আঙুল তোলেন উন্নাওয়ের নির্যাতিতা। তাঁর কথায়,
“আমি যদি নির্ভয়ার মতো মারা যেতাম, তাহলে সবাই বিশ্বাস করত যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমি বেঁচে আছি বলেই বছরের পর বছর ধরে প্রমাণ দিতে হচ্ছে। আট বছর ধরে লড়াই করছি, এখনও প্রমাণ করতে হচ্ছে যে আমি ধর্ষণের শিকার।”
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় তিনি ভেন্টিলেশনে ছিলেন। তাই কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও স্পষ্ট ধারণা তাঁর ছিল না।
বাবার জন্য ন্যায়বিচার ও মৃত্যুদণ্ডের দাবি
নির্যাতিতা সুপ্রিম কোর্টের কাছে তাঁর বাবার জন্য ন্যায়বিচারের আবেদন জানান এবং কুলদীপ সিং সেঙ্গারের ফাঁসির দাবিও তোলেন। তাঁর বক্তব্য,
“ওঁকে ফাঁসি দেওয়া উচিত। তবেই আমার বাবার আত্মা শান্তি পাবে এবং প্রকৃত ন্যায়বিচার হবে।”
কী বলেছে সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, এর আগে হেফাজতে মৃত্যু মামলায় সাজা স্থগিত ও জামিন চেয়ে আবেদন করেছিলেন কুলদীপ সিং সেঙ্গার। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লি হাইকোর্টকে নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে মামলার শুনানি শেষ করতে।
এরপর দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেঙ্গার। কিন্তু এবারও স্বস্তি পেলেন না তিনি।







