নিজস্ব সংবাদদাতা :’চাঁদ কেন আসেনা আমার ঘরে’ জনপ্রিয় এই গানের লাইন বোধহয় আর বলা যাবে না। কারণ গত ২৩ শে অগষ্ট বুধবারই সন্ধ্যা ৬:০৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়েছে ভারত। ইসরোর চন্দ্রযান-৩ র এই অভিযান সাফল্যের সঙ্গে সঙ্গে চাঁদের মাটিতে মহাকাশযান নামানো দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের নাম। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া এবং চিনের এই কৃতিত্ব রয়েছে। শুধু তাই নয়,আরও একটি ইতিহাস ছুঁয়েছে ইসরো। এত দিন পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরু অনাবিষ্কৃত ছিল। ভারতই প্রথম দেশ হিসাবে চন্দ্রের এই প্রান্তটিতে পা রাখল। চাঁদের ‘কুমেরু’ আবিষ্কারের কৃতিত্ব তাই ভারতের।
বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে ইসরোর বেঙ্গালুরুর অফিস উচ্ছ্বাসে ফেটে পড়ে। সকলে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন। একে অপরকে জড়িয়ে ধরেন ইসরোর বিজ্ঞানীরা। এই সাফল্যের পর ইসরোর অফিসের সেই উন্মাদনার আঁচ ছড়িয়ে পড়ে দেশবাসীর মনেও। বিদেশ থেকেও ভেসে আসে শুভেচ্ছা বার্তা।
বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে শুরু হয় বিক্রমের অবতরণের প্রক্রিয়া। ঠিক ১৯ মিনিট পরে চাঁদে পা রাখে ল্যান্ডার। এই ১৯ মিনিট ধরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল গোটা দেশ। বিকেল ৫টা ২০ মিনিট থেকে ইসরো গোটা প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু করে। দক্ষিণ আফ্রিকা থেকে সেখানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।মাটিতে পালক ছোঁয়ার মতো ধাপে ধাপে গতি কমিয়ে উচ্চতা হ্রাস করে বিক্রমকে ধীরে ধীরে চন্দ্রপৃষ্ঠে নামিয়ে আনা হয়। বিক্রমের অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই তার পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান।ধীর গতিতে কাজ শুরু করেছে সে। প্রজ্ঞানের গতি অতি ক্ষীণ, সেকেন্ডে মাত্র এক সেন্টিমিটার।
গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল ‘চন্দ্রযান-৩’। ঠিক ৪০ দিনের মাথায় তার অভিযান সফল হল।
মাটিতে নামার আগে বিক্রমের মধ্যেকার ক্যামেরা এবং সেন্সর অবতরণের জন্য উপযুক্ত জমি খুঁজছিল। যে জমি হবে তুলনামূলক ভাবে মসৃণ,যেখানে খানাখন্দ বা পাথরের টুকরো থাকবে না। ইসরো কথা রেখেছে। চাঁদের মাটিতে নামার পরই কাজ শুরু করে দিল বিক্রম। ইসরোয় পৌঁছল বিক্রম থেকে তোলা প্রথম ছবি। বিক্রমের অবতরণ প্রক্রিয়ার সমাপ্তি পর্বের সেই ছবি প্রকাশ করে ইসরো টুইট করেছে আর তাতে লেখা রয়েছে,’চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের সঙ্গে মক্স-আইএসটিআরসি (ইসরোর ওয়ার রুম)-র সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে।’
ইসরোর বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, চাঁদের বুকে ‘আসল কাজ’ শুরু হয়েছে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নামার পরে। রোভারের সঙ্গে রয়েছে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। লক্ষ বছর ধরে চাঁদের ভূমিরূপ কী ভাবে তৈরি হয়েছে, কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে বার্তা পাঠাবে প্রজ্ঞান। আগামী দু’সপ্তাহ ধরে স্পেকট্রোমিটার বিশ্লেষণের মাধ্যমে চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে, তা খুঁটিয়ে দেখবে সে। এই সমস্ত পরীক্ষাগুলি করার জন্য ল্যান্ডার এবং রোভারের সঙ্গে রয়েছে পাঁচটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি। চাঁদের মাটিতে প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্য সংগ্রহ করবে, তার সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রমে। আর বিক্রম পৃথিবীতে।







