রাজ্য

‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা, ১.০৯ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আজ বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে চালু হল রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’। রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এটি কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের অর্থ নয়, এটি সরকারি তহবিলের টাকা। তাই প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পাবেন, সেটাই আমাদের লক্ষ্য।”

রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের জন্য ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম জমা দিয়েছেন। জমা পড়া তথ্য পোর্টালে আপলোড করার পাশাপাশি ডিজিটাল যাচাই ও বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রায় ২৭ লক্ষ আবেদনপত্রের তথ্য হাতে এলেও পরে বিস্তৃত যাচাইয়ের মাধ্যমে মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

তিনি জানান, এই আবেদনগুলির মধ্যে ২৬ লক্ষ বাতিল করা হয়েছে। বাকি প্রায় ১ কোটি ৩০ লক্ষ আবেদন যাচাই করে বুধবার দুপুর ১টা থেকে ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকার ১ লক্ষ ২২ হাজার ৬২৮ জন মহিলাও এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে আসা এবং সিএএ-র অধীনে আবেদনকারী ব্যক্তি বা যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তাঁদের আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রকল্পের সুবিধা বন্ধ করা হবে না।

বক্তৃতায় তিনি পূর্বতন তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সমালোচনাও করেন। তাঁর অভিযোগ, ওই প্রকল্পে ২৭ লক্ষ এমন নাম ছিল, যাঁরা ভারতীয় নাগরিক নন। এছাড়াও একাধিক ব্যক্তির নাম একাধিক জায়গায় ছিল এবং প্রায় ১০ লক্ষ পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা পৌঁছেছে। তাঁর প্রশ্ন, “লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ কি পুরুষদের অ্যাকাউন্টে যাওয়া উচিত?”

সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “সরকার গঠনের মাত্র দেড় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছিলেন, তার বাস্তবায়নের পথে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি।” একই সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.