রাজনীতি

পদ্মশিবির ভোট লড়াইয়ে ব্রাত্য করছে সংখ্যালঘুদের

এবারের লোকসভা ভোটে সারা দেশে প্রায় ৪৫০টি আসনে লড়ছে বিজেপি। এত বিরাট সংখ্যক আসনে মাত্র এক জন সংখ্যালঘু মুসলিমকে প্রার্থী করেছে পদ্মশিবির। তিনি হলেন কেরলের কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আবদুল সালাম। তিনি প্রার্থী হয়েছেন মাল্লাপুরম আসন থেকে। পশ্চিমবঙ্গের ৪২ আসনে বিজেপির কোনও মুসলিম প্রার্থী নেই।
তবে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে এক সংখ্যালঘু মুসলিম মহিলাকে পরোক্ষে প্রার্থী করেছে বিজেপি। তবে তিনি বিজেপির ‘ডামি’ প্রার্থী। স্বভাবতই দলের প্রতীকে তিনি লড়ছেন না। লড়ছেন নির্দল হয়ে। আপাতত প্রতীকের অপেক্ষায় রয়েছেন। তাঁর নাম মুমতাজ আলি। কলকাতা বন্দর এলাকার বাসিন্দা মুমতাজ দক্ষিণ কলকাতা লোকসভা সংগঠনের ওবিসি মোর্চার সহ-সভাপতি পদেও রয়েছেন।

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ কলকাতা লোকসভা এলাকায় যে সংখ্যালঘু মুসলিমদের বাস, তাঁদের ভোট পাওয়া নিয়ে চিন্তায় দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব। তাই কৌশলগত ভাবেই তাঁরা মুমতাজকে ‘ছদ্ম’ বা ‘ডামি’ প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে‌ন।
শুধু মুমতাজই নয়, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আরও এক জন ডামি প্রার্থী দিয়েছে বিজেপি। তিনি দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ওবিসি মোর্চার সদস্য। তিনিও লড়ছেন নির্দল হয়েই। তাঁর নাম মণিমালা রায়। তিনি জেলা ওবিসি মোর্চার সম্পাদক পদে রয়েছেন। মণিমালা জানিয়েছেন, কমিশন থেকে ফোনে তাঁকে বলা হয়েছে, তাঁর মনোনয়ন গৃহীত হয়েছে। তবে প্রতীকের কথা কিছু বলা হয়নি। দলের অন্দরে গুঞ্জন, তৃণমূল প্রার্থী মালা রায়ের সঙ্গে নামের মিল থাকায় মণিমালাকে ডামি প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজেপির জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ভোটারদের ‘বিভ্রান্ত’ করার লক্ষ্য তাঁদের নেই। মণিমালার সঙ্গে যদি তৃণমূল প্রার্থীর নামের মিল থাকে, তা হলে তা নিতান্তই কাকতালীয়। দক্ষিণ কলকাতা লোকসভায় ভোট পরিচালনার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব যেমন নির্দেশ দিচ্ছেন, তেমন নির্দেশ মেনেই তাঁরা কাজ করছেন। মুমতাজ বা মণিমালার প্রার্থী হওয়ার ক্ষেত্রে অন্য কোনও ভাবনা তাঁদের নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.