তৃণমূলের নজরে রেলশহর। দলের গঠনকাল থেকে শুরু করে একটি বিধানসভা উপ-নির্বাচন বাদ দিলে অপর কোনও সাধারণ নির্বাচনে ‘লিড’ নিতে পারেনি তৃণমূল। বহু আলোচিত এই বিষয়ে উঠে এসেছে একটিই কথা, তৃণমূলে ঐক্যের অভাব। যার দরুন চলতি নির্বাচনে এবার রেলশহর উদ্ধারে রীতিমতো তৎপর তৃণমূল কংগ্রেস।
গতকাল বিকেল ৫টা থেকে শুরু হয় প্রায় ৩কিলোমিটার জুড়ে মুখ্যমন্ত্রীর পদযাত্রা। পদযাত্রা শুরুর পরে অদূরেই গোলবাজার মসজিদের কাছে পৌঁছতে রাস্তার দু’ধারে ভিড় চোখে পড়ে। নমাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছিলেন।পদযাত্রা শেষে সংবাদমাধ্যমেরও সামনাসামনি হন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন ঐক্যের আশ্বাস। পরবর্তীতে তিনি জেলা নেতৃত্ব, খড়্গপুরের সমস্ত পুর প্রতিনিধি, নেতৃত্ব, সাধারণ মানুষ, প্রশাসনকে ধন্যবাদ জানান।
মন্ত্রী মানস ভুঁইয়ার উবাচ, ‘নেত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক’টা দিন নিবিড় প্রচারের বার্তা দিয়েছেন।’ অন্যদিকে, মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকারের কথায়, ‘দিদি আসায় আমরা সকাল থেকে অপেক্ষায় ছিলাম। শহরের সমস্ত নেতা-কর্মীরা পদযাত্রায় হাঁটলামও। কিন্তু দিদির সঙ্গে দেখা না হওয়ায় খারাপ লাগছে।’
উল্লেখ্য, প্রচারের শেষ কয়েকটা দিন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তাদান করেন তৃণমূলনেত্রী। রেলশহরের নেতারা অনেকটাই পিছিয়ে পড়েছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ার আফসোস প্রকাশ করেন।







