তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবার ডিম ছোড়ার ঘটনার অভিযোগ তুললেন। নদিয়ার কালীগঞ্জে দলের কর্মিসভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভ ও হেনস্তার মুখে পড়ার দাবি করে তিনি সমাজমাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি সমর্থকরাই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান এবং জানালা লক্ষ্য করে ডিম-সহ বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। সেই ডিম তাঁর গায়েও লাগে বলে দাবি করেছেন মহুয়া। পাশাপাশি, গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বুধবার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। সভা চলাকালীন পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কে কালো পতাকা হাতে বিক্ষোভে সামিল হন একদল মানুষ। তাঁরা ‘মহুয়া মৈত্র হায় হায়’ এবং ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। অভিযোগ, বিক্ষোভকারীরা সাংসদ এবং তৃণমূল কর্মীদের কার্যত ঘিরে রাখেন, যার ফলে তাঁরা বাইরে বেরোতে পারেননি। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে মহুয়া দাবি করেন, বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক এবং পুরো ঘটনার সময় পুলিশ কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।







