বিধান সভা বাজেট পেশ করেন বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে হয়েছে ১০০০ টাকা এবং মহিলা জনজাতিদের জন্য ১০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০০ টাকা করার কথা ঘোষণা করেছেন।
এই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে বলেন রাজ্য সরকারের এই বাজেট ‘দিশাহীন বাজেট’। এর পাশাপাশি টলিউডের অভিনেতা রুদ্রনীল ঘোষ তীব্র কটাক্ষ করে কবিতা লেখেন ‘৫০০ টাকার ভাতা বাড়িয়ে কি ইজ্জত কেনা যায় ?’ এর সাথে আরও বলেন ‘বাংলার প্রতিটা গ্রামই না কি এবার সন্দেশখালি হবে।’
রুদ্রনীল শনিবার দিন নিজের লেখা কবিতা পাঠ করে নিজের পেজ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। তাঁর কবিতার লাইন গুলো নিচে দেওয়া হলো:-
‘তছনছ তোর জোড়া ফুল চাষ, কি দেখছো বনমালী?
যত অন্যায় পাপ করেছিলে, জমে সন্দেশখালি ।
ছাই চাপা সব আগুন ফেটেছে, বেরোচ্ছে যত লাভা
সাধু সাবধান সামলাও ধান, আর খেলো না গো দাবা ।
সে শাজাহানের ছিল তাজমহল,পাপমহল এই শাহজাহান
সেও গিয়েছে, এও যাবে, হবে সব খান খান ।
তাই মুখোমুখি আজ পুলিশ-মানুষ অধিকার কাড়া যুদ্ধ
ধৈর্যের বাঁধ ভেঙেছে এবার, থাকবে না অবরুদ্ধ ।
যে মায়ের হাতে শাঁখার বদলে মুঠো করে ধরা লাঠি
সে মায়ের গলা থামানো যাবে না, যত নাড়ো কল কাঠি।
জীবনের চোখে জলের বদলে, আগুন ঝলসে ওঠে
বদলা নেবার হিসেব বোঝার, প্রতিবাদ তার ঠোঁটে ।
সন্দেশ দেয় সন্দেশখালি আর নয় অন্যায়
শাসক তোমার শোষণ বন্ধ, মেনে নাও মেনে নাও
হিসাবের খাতা খুলেছে মায়েরা, কি কি ভাবে চলে লুট
শাসক তোমার লুডোর চালেতে ছক্কা এবার পুট ।
ধিকি ধিকি জ্বলা আগুন আজকে, দাউ দাউ দাবানল
লুটতরাজের হবে দিন শেষ,তাড়াতাড়ি ফলাফল ।
শয়তান খোঁজে সন্দেশখালি, মায়েদের হাত ধরে
আর, দালাল পুলিশ কাঁপে চিন্তায়, দিদির নাম জপ করে ।
অনেক লুটেছ মান ইজ্জত, চাল-ডাল-জমি-বাড়ি
মা-মাটি-মানুষ মিথ্যা ফানুস, রক্তের কারবারি ।
আর কত দিন পুলিশের ঢালে বাঁচবে চালাকি করে ?
মিথ্যা কেস আর এফআইআর-এ মরবে বেঘোরে।
ডালে ডালে তুমি যতই চলো, মানুষ চলছে পাতায়, শাসক
৫০০ টাকার ভাতা বাড়িয়ে কি ইজ্জত কেনা যায়?
ক্ষমতার লোভে ধ্বংস মমতা, লোভের গুড়েতে বালি
বাংলার প্রতি গ্রামেতে এবার হবে সন্দেশখালি ।
হাজারে হাজারে লক্ষ্মীরা আজ বেরচ্ছে রাস্তায়
অত্যাচারের জবাব না দিলে ছাড়বে না সস্তায় ।
শিরদাঁড়া বেচা বুদ্ধিজীবীরা কত চুপ হবে আর,এই ?
গণতন্ত্রের সাথে মারা যায় মানুষের অধিকার ।
চলছে আগুন বুকের ভিতর থাকুক না পেট খালি
ইজ্জত হারা বাংলা জুড়ে হবে সন্দেশখালি ।
শাসক যখন শোষক হয়েছো মানুষকে ভাবো ভোটার
কাটারি পড়বে, রক্ত ঝরবে, খেলা শেষ হবে লোটার ।’
অভিনেতা রুদ্রনীলের কবিতার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কবিতার প্রতিবাদের ভাষা এবং দারুণ ভঙ্গিমার প্রশংসা অনেকেই করেছেন। এই ভিডিওটা রবিবার সন্ধ্যার মধ্যে প্রায় ২৫ হাজার লাইক, ৪ হাজার শেয়ার, ২৫ হাজার ভিউ এবং ১৫০০ কমেন্ট হয়েছে।







