আরজি কর কান্ডে কর্মবিরতি ডাক্তারদের আন্দোলন দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সুপ্রিমকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছিলেন, উৎসবে ফিরুন এবং চিকিৎসকদের কাজে ফেরানোর আর্জি কার্যত ব্যর্থ। অন্যদিকে, লাইভ স্ট্রিমিং না হওয়ার কারণে নবান্নে বৈঠক হয়নি। রাজ্য সরকারের দাবি, কর্মবিরতি জন্য রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ক্ষতি হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছেন।
প্রসঙ্গত, একই বক্তব্য কল্যাণ বন্দোপাধ্যায়ের পাশাপাশি এবার এই প্রসঙ্গে মুখ খুললেন হুগলির তৃণমূল তারকা সাংসদ রচনা বন্দোপাধ্যায়। এদিন চুঁচুড়ায় ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলার সূচনায় এসে বলেন,”করজোরে বলছি আন্দোলন চলুক কিন্তু কর্মবিরতি বন্ধ হোক৷ আজ ৩৪ দিন হয়ে গেল আপনারা কর্মবিরতি নিয়েছেন।কর্মবিরতির জন্য অনেক মানুষ মারা যাচ্ছেন।আমরাও বিচার চাইছি। আমরা চাই, দোষীরা শাস্তি পাক। চিকিৎসকদের পাশে সকলেই আছে, এমনকি মুখ্যমন্ত্রীও আছেন৷ কিন্তু আপনারা এই যে আন্দোলন করছেন, সেই ঘটনা আরও কত বাড়ির ভিতরে ঘটে চলেছে দিনের পর দিন। মানুষের সেবায় আপনারা নিযুক্ত হয়েছেন ৷ সেবায় ফিরে আসুন।
তিনি এও বলেন, “পুজো অবশ্যই হওয়া দরকার৷ পুজোর সঙ্গে বহু মানুষের উপার্জন জড়িয়ে রয়েছে৷ মৃৎশিল্পী থেকে ডেকরেটসের লোকজন এবং বিভিন্ন রকম স্টল যারা দেন এই পুজো থেকে মানুষের রুটিরুজি হয় তাতেই সংসার চলে।”।







