এগরায় বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে সেই কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগকে অবশেষে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার ওড়িশার কটকে একটি নার্সিংহোমে খোঁজ মেলে ভানুর। আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি ছিল ভানু ও তার ছেলে ও ভাইপো। তিনজনেই এবার পুলিসের জালে।
তবে গ্রেফতার করা হলেও ভানুকে এখনই এই রাজ্যে আনা যাচ্ছে না বলেই সূত্রের খবর৷ ওড়িশায় পৌঁছেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন ভানু বাগ। এখনও তিনি ওড়িশার কটকের রুদ্র নার্সিংহোমেই ভর্তি৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ ওড়িশা পুলিস সেখানে পাহারারত অবস্থায় বর্তমান।
সূত্র মারফত, বাজির বেআইনি কারবার নিয়ে আলাদা সমঝোতা ছিল ভানু ও তার ছেলের মধ্যে। ছেলে আলাদা বাড়ি করে কীটনাশকের ব্যবসা করছিল। তবে এই বিস্ফোরণের খবর পেয়ে এবং বাবার গুরুতর আহত হওয়ার খবর জানতে পেরে ওড়িশা যায় এবং ভানুর সঙ্গে দেখা করে। ভানু বিস্ফোরণের পরবর্তীতেই এলাকা ছেড়ে ওড়িশার দিকে পালায়। গত মঙ্গলবার থেকেই ভানুর তল্লাশিতে নামেন সিআইডি অফিসাররা।







