কলকাতারাজনীতি

বিধাননগরে গুলি করে খুনের চেষ্টা: রক্তাক্ত প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত, তদন্তে পুলিশ

বিধাননগর: চাঞ্চল্য বিধাননগরে। সোমবার সকালে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের চেষ্টা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বর্তমান আইএনটিটিইউসি সভাপতি নির্মল দত্তের ওপর। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাতটা নাগাদ নিজের ওয়ার্ড অফিসের তালা খুলতে গিয়েছিলেন নির্মল দত্ত। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে মুখোশ পরা এক ব্যক্তি হঠাৎই গুলি চালানোর চেষ্টা করে। চমকে গিয়ে নির্মল দত্ত তাঁর হাত চেপে ধরেন। শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, সেই সময় অভিযুক্ত ব্যক্তি বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন কাউন্সিলর। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ওয়ার্ড অফিসের সামনে এখনও রক্তের দাগ স্পষ্ট।

আহত নির্মল দত্ত হাসপাতাল থেকেই বলেন,

“জীবনটা চলে যেতে পারত! সামনে থেকে মৃত্যু দেখলাম। বন্দুকের বাট দিয়ে মেরেছে। কিছুই বুঝে উঠতে পারিনি।”

তিনি আরও প্রশ্ন তোলেন,

“এলাকায় কোনও বেআইনি কাজ করতে দিই না। পুকুর ভরাট বন্ধ করি। তাই কি আমি টার্গেট?”

নির্মল দত্ত আরও অভিযোগ করেছেন,

“আমার ওপর এর আগেও হামলা হয়েছে। প্রশাসন চাইলে এসব আটকাতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন— আমি তৃণমূলের একজন স্তরের কর্মী।”

বর্তমানে নির্মলের স্ত্রী আলো দত্ত বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিস জানাচ্ছে, এই হামলার পিছনে রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতা — সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের দাবি,

“দিনদুপুরে এমন হামলা ভয় ধরিয়ে দিয়েছে। এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হোক।”

এদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি,

“যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।”

ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—
রাজনৈতিক প্রতিহিংসা, নাকি অন্য কোনও অপরাধচক্রের জড়িত থাকা?
সাম্প্রতিক সময়ে বিধাননগরে ভিনরাজ্যের দুষ্কৃতীদের আনাগোনা কি এর সঙ্গে যুক্ত?

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে কলকাতা পুলিস বিধাননগরে অভিযান চালিয়ে গুজরাটের অপরাধচক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছিল। ফলে এই ঘটনার সঙ্গে সেই চক্রের যোগ থাকতে পারে বলেও সন্দেহ উড়ছে না।

পুলিস সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে।
বিধাননগরের মানুষ এখন একটাই প্রশ্ন তুলছেন—
“এত নিরাপত্তা সত্ত্বেও শহরের বুকে দিনের আলোয় গুলি চালানোর সাহস কীভাবে পেল দুষ্কৃতী?”

[শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত এখনো ধরা পড়েনি। তদন্ত চলছে।]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.