রাজনীতিরাজ্য

তৃণমূলের বিরুদ্ধে জঙ্গি-যোগের দাবি ! মুখ্যমন্ত্রী ও জয়শঙ্করকে চিঠি কাকলির

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, অতীতে তৃণমূলের সঙ্গে বাংলাদেশের এক উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ ছিল। এমনকি প্রতিবেশী দেশের নির্বাচিত সরকারকে অস্থির করার চক্রান্তেও দলের কিছু অংশ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে চিঠি পাঠিয়েছেন বারাসতের সাংসদ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে কাকলি এই দাবি তুলেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও সাংবাদিক ইমরানের সঙ্গে বাংলাদেশের একটি উগ্র সংগঠনের যোগাযোগ ছিল। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গে আলোড়ন তোলা চিটফান্ড কেলেঙ্কারির কিছু অর্থ বাংলাদেশে পাচার হয়েছিল এবং সেই অর্থ সেখানকার রাজনৈতিক অস্থিরতা তৈরির কাজে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তৎকালীন রাজ্য সরকারের আমলে সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে যথাসময়ে দেওয়া হয়নি। এই বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, অভিযোগগুলি এখনও প্রমাণিত না হলেও এগুলির গুরুত্ব এতটাই বেশি যে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি।

চিঠিতে তিনি স্পষ্টভাবে লিখেছেন, দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন জড়িত থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। ফলে কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরেই তদন্ত হওয়া উচিত বলে মত তাঁর।

রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি এই অভিযোগগুলির কোনও ভিত্তি প্রমাণিত হয়, তাহলে তা তৃণমূলের জন্য বড়সড় অস্বস্তির কারণ হতে পারে। এমনিতেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কে দলকে ঘিরে চাপ তৈরি হয়েছে। তার মধ্যেই কাকলির এই অভিযোগ নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.