বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানে তৃণমূল শিবিরে বড়সড় ধাক্কা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকে ঘাসফুল ছেড়ে জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে যোগ দিল ১৫০-র বেশি পরিবার। নেতৃত্বে প্রাক্তন ব্লক সংখ্যালঘু সেল সভাপতি রফিজুল শেখ ওরফে কালো।
মঙ্গলবার পূর্বস্থলী দক্ষিণের নাদনঘাটে জেইউপি-র নতুন দলীয় কার্যালয় উদ্বোধন ঘিরেই এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জেইউপি প্রার্থী তথা দলের সম্পাদক বাবান ঘোষ-এর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নতুন সদস্যরা।
তৃণমূলকে তোপ
যোগদান মঞ্চ থেকেই তৃণমূলকে নিশানা করেন বাবান ঘোষ। তাঁর অভিযোগ, বিদ্যানগরের গঙ্গানন্দপুর এলাকায় পুকুর সংস্কারের নামে ব্যাপক মাটি কাটার নামে পাচার চলছে। “দুর্নীতি আর স্বজনপোষণেই এলাকা ভরে গিয়েছে,” দাবি তাঁর।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পাল্টা প্রশ্ন তোলেন, “কে এই বাবান ঘোষ? এলাকার ক’জন মানুষ তাঁকে চেনেন? অভিযোগ থাকলে বিএলআরও-র কাছে দিচ্ছেন না কেন?” পাশাপাশি তাঁর দাবি, সংখ্যালঘু সেলের সভাপতি শহিদুল শেখ এখনও তৃণমূলেই রয়েছেন।
হুমায়ুনের নতুন সমীকরণ
উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর গত বছরের ডিসেম্বরে গঠন করেন নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল ও বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার বার্তা দিয়ে তিনি ইতিমধ্যেই সিপিএম ও আইএসএফ-কে জোটের আহ্বান জানিয়েছেন।
হুমায়ুন কবীরের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ১০০টি আসনে জয়ী হবে। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলায় প্রার্থী দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।
এই আবহে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তৃণমূল ছেড়ে একাধিক পরিবারের জেইউপি-তে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোটের আগে এই ভাঙন যে হুমায়ুন শিবিরকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য।






