ভয়ংকর দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। যাত্রীবাহী বাস , পাহাড় থেকে গড়িয়ে পড়ে যায় খাদে । সূত্রের খবর , দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের প্রাণ গিয়েছে। আহতের সংখ্যাও প্রায় ২০ । জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার সকালেই এই দুর্ঘটনা ঘটে । ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজও ।
জানা গিয়েছে , বাসটি এদিন রামনগর থেকে উধমপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল । কানোতে গ্রামের কাছে পাহাড়ি রাস্তার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ও বাসটি সোজা খাদে পড়ে যায় । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয় । স্থানীয় বাসিন্দারাও এই উদ্ধারকাজে হাত লাগান । আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে জানিয়েছেন , “সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সব রকমের সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।”







