লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ‘অভিমানী’ তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দল তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে সরবও হন তিনি। পাশাপাশি, মন্তব্য করেছেন যে, তিনি ‘স্তম্ভিত’।
অর্জুনের গতকালের মন্তব্য ছিল, ‘কাল শকড ছিলাম। আজ একটু ঠিক আছি।’ ‘বিদ্রোহী’ অর্জুন হয়তো ফের বিজেপিতে ফিরতে পারেন, এমনই কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও গেরুয়া ব্রিগেডের অনেকেই নাকি তাঁর প্রতি ক্ষুব্ধ। তাই অর্জুনের পক্ষে আর পদ্মশিবিরে ফেরা তেমন সহজ হবে না।
এহেন আবহে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উবাচ, ‘এরকম অনেক নেতাই ত্রিশঙ্কু হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এখন পরিষ্কার হচ্ছে। মোদীর নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত নেতাদের রাজনীতির জামা গায়ে পরে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যাবে। উনি কোথায় যাবেন, সেটা এখন আর ওঁর হাতে নেই।’ অর্জুন সম্বন্ধে দিলীপের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।







